সীতাকুণ্ডে এখনো পানিবন্দী দুই গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহের টানা বর্ষণে সীতাকুণ্ডের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সৃষ্ট জলাবদ্ধতা কমে আসছে। তবে মধ্য সোনাইছড়ি ও মগপুকুরপার গ্রামে এখনো পানিবন্দী হাজারো মানুষ। এ ছাড়া ভাঙা বেড়িবাঁধ দিয়ে সাগরের পানি ঢুকে সাত গ্রামে এখন জোয়ার-ভাটা চলছে। 
সরেজমিনে দেখা যায়, মগপুকুরপার গ্রামের দেড় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে। এই গ্রামের প্রায় প্রতিটি বসতঘরে পানি ঢুকেছে। এখনো ডুবে আছে সড়ক ও আশপাশের ফসলি জমি। বাসিন্দারা রান্নাবান্না ও দৈনন্দিন কাজে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। মধ্য সোনাইছড়ি গ্রামেও একই অবস্থা। ওই গ্রামের লোকজনের অভিযোগ, ভরাট নালা-নর্দমা খননের উদ্যোগ না নেওয়ায় বৃষ্টির পানি সরতে পারছে না।
মগপুকুরপার গ্রামের বাসিন্দা অবনী সাধু (৫৫) বলেন, নির্মাণাধীন কারখানাগুলোর কারণে এলাকার নালা-নর্দমা ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
এদিকে বাঁশবাড়িয়া ইউনিয়নের সাগর উপকূলে আকিলপুর, মাঝামাঝিপাড়া, বোয়ালিয়ারকূল, সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া, ছড়ারকূল, জমাদারপাড়া ও উত্তর আলেকজিয়া গ্রাম প্রতিদিন জোয়ারের পানিতে ডুবছে। এসব গ্রামের বাসিন্দাদের অনেকের রান্নাবান্না করতে কষ্ট হচ্ছে। ভাটার সময় পানি সরে গেলে তখন রান্না শেষ করে রাখতে হয়। অন্য সময় ভরসা শুকনো খাবার।
আকিলপুর গ্রামের বাসিন্দা আবদুর রহিম বলেন, ভাঙা বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় প্রতিবছর আমাদের এ দুর্ভোগে পড়তে হয়। বর্ষার শুরুতে এ অবস্থা হলে সামনে যে কী অপেক্ষা করছে জানি না।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আনোয়ারুল ইসলাম জানান, চলতি বর্ষায় উপকূলের অনেক পরিবারকে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে। গত কয়েক দিনের বর্ষণে কাবিখা ও টিআরের ১৫০টি প্রকল্পের পুরো ও আংশিক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, ফসলি জমিতে জমা থাকা পানি এখন সরে যাচ্ছে। তবে জলাবদ্ধতার কারণে প্রায় ৫০০ একর জমির ফসল আংশিক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান বলেন, ঠিক কত পরিবার জলাবদ্ধ হয়ে আছে সেটা জানা নেই। সে ব্যাপারে খোঁজ নিচ্ছি। তবে মগপুকুরপার এলাকায় নির্মাণাধীন কারাখানার কারণে নালা ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় এক ব্যক্তি মামলা করেছেন।
ভাঙা বেড়িবাঁধের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, আধা কিলোমিটারে রিং বাঁধ দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু স্থানীয় লোকজনের বাধায় তা দেওয়া সম্ভব হয়নি। এখন জলবায়ু ফান্ডের অর্থে ব্লক বসিয়ে বাঁধ নির্মাণ করা হবে।