সীতাকুণ্ডে কার্যালয় নেই রাজনৈতিক দলগুলোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলা সদরে জামায়াতে ইসলামি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কার্যালয় নেই। সংশ্লিষ্ট দলগুলো তাদের দলীয় বিভিন্ন সভার আয়োজন করে কোনো সামাজিক সংগঠন কিংবা সামাজিককেন্দ্রের ভাড়া করা মিলনায়তনে। অনেক সময় অনুমতি নিয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা নেতাদের ব্যক্তিগত প্রতিষ্ঠানের কার্যালয়েও সভা করা হয়।
তৃণমূল নেতা-কর্মীরা জানান, নিজস্ব কার্যালয় না থাকায় দলের কর্মীদের মধ্যে যোগাযোগ, সম্পর্কের উন্নয়ন কিংবা দলীয় কর্মকাণ্ডের সুষ্ঠু তদারকি নেই। অন্যদিকে, ব্যবসাপ্রতিষ্ঠানে দলীয় কর্মকাণ্ড চালানোর ফলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রোশের শিকার হচ্ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
দলীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যালয় নেই ১৩ বছর ধরে। এর আগে জেলা পরিষদ মিলনায়তনের জন্য নির্ধারিত স্থানে ছিল দলটির কার্যালয়। মিলনায়তনটি তৈরি হওয়ার পর কার্যালয়টি বিলুপ্ত হয়। বর্তমানে কার্যালয় না থাকায় দলটির সভা-সম্মেলন হয় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, জেলা পরিষদ মিলনায়তন, উপজেলা পরিষদের সভাকক্ষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।
২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে উপজেলা সদরে কার্যালয় নেই বিএনপির। বর্তমানে দলটির প্রায় সভার আয়োজন হয় উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর ব্যক্তিগত প্রতিষ্ঠানে। সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার সময় প্রতিষ্ঠানটি প্রতিপক্ষের হামলার শিকার হয়। ইদানীং জেলা পরিষদ মিলনায়তন কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের কক্ষ ভাড়া নিয়েও দলের সভা করা হয়।
অপর দিকে, জাতীয় পার্টির কার্যালয় নেই ১৮ বছর ধরে। এর আগে কলেজ রোডে তাদের একটি কার্যালয় থাকলেও সেটি বন্ধ হওয়ার পর দলের সভা ডাকা হয় বিভিন্ন নেতার ব্যক্তিগত প্রতিষ্ঠানে। একমাত্র জামায়াতে ইসলামীর কার্যালয় রয়েছে সীতাকুণ্ড বাজারের মমতাজ শপিং সেন্টারের তৃতীয় তলায়।
বিভিন্ন দলের তৃণমূল নেতা-কর্মীরা জানান, দলীয় কার্যালয় থাকলে সেখানে দপ্তর সম্পাদকসহ নেতা-কর্মীরা নিয়মিত যাওয়া-আসা করতেন। নেতাদের কাছ থেকে ধারণা ও নির্দেশনা পেয়ে কর্মসূচি পালনে কর্মীরা উৎসাহ পেতেন। সবার মধ্যে বাড়ত আন্তরিকতা ও সম্প্রীতি। এখন ঠিকানা না থাকায় ব্যক্তিবিশেষ কিংবা মুঠোফোনের মাধ্যমে দলের কর্মসূচি জানতে হয়।
কার্যালয় না থাকার কথা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ এ বি এম আবুল কাসেম। প্রথম আলোকে তিনি জানান, জেলা পরিষদ মিলনায়তনের জায়গায় অবস্থিত কার্যালয়টি বন্ধ হওয়ার পর আর নতুন কার্যালয় করা হয়নি। তিনি জানান, দলীয় কার্যালয়ে নেতাদের অনুপস্থিতিতে দলের লোকজনের মধ্যে দ্বন্দ্ব, চক্রান্ত এমনকি মাঝেমধ্যে সংঘাতও দেখা দিত। তাই কার্যালয় করার বিষয়টি আর গুরুত্ব দেওয়া হয়নি।
ভিন্নমত পোষণ করে দলের সাংগঠনিক সম্পাদক শওকত আলী বলেন, কার্যালয় হচ্ছে দলের ঠিকানা। প্রতিটি দলের নিজস্ব কার্যালয় থাকা উচিত। তিনি জানান, নির্বাহী কমিটির গত সভায় বিষয়টি তোলা হয়েছিল। আগামী সভায় আরও আলাপ-আলাচনার মাধ্যমে স্থায়ী কার্যালয় নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশা করেন। দলের কার্যক্রমের সুষ্ঠু তদারকি এবং কর্মীদের মধ্যে যোগাযোগ বজায় রাখার লক্ষ্যে দলীয় কার্যালয় থাকাটা জরুরি বলে মত দিয়েছেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুন্নবী ভূঁইয়া বলেন, দলের নামে একটি কার্যালয় নেওয়ার চিন্তাভাবনা রয়েছে।