সীতাকুণ্ডে কুয়াশায় ফসলে রোগসংক্রমণ
সীতাকুণ্ডে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে রবি ফসলসহ বোরো বীজতলায় নানা ধরনের রোগের আক্রমণ শুরু হয়েছে। কৃষকেরা ছুটছেন কীটনাশকের দোকানে। ফসল রক্ষায় চলছে তাঁদের আপ্রাণ চেষ্টা। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমে এক হাজার ১৫৩ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি, ৫০০ হেক্টর জমিতে সরিষা, এক হাজার ২২৬ হেক্টর জমিতে বোরো বীজতলা করা হয়েছে। বহরপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল কাদের, মোজাম্মেল হক, শেখেরহাট গ্রামের শামসুদ্দিন, মতিউর রহমান, জাহিদুল ইসলাম ও শাহেব আলী জানান, ঘন কুয়াশা এবং তীব্র শীতের কারণে তাঁদের বোরো বীজতলায় নানান রোগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মাসুম আল সাকিব জানান, শীত ও ঘন কুয়াশার তীব্রতায় বোরো বীজতলা এবং সবজিক্ষেতে নানা ধরনের রোগ সংক্রমণ হচ্ছে। রোগ প্রতিরোধে আমাদের কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।