সীতাকুণ্ডে খাল সংস্কারের আশ্বাস চান ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের নয়টি ইউনিয়নে ৭ জুন অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে ভোটাররা মেলাচ্ছেন নানা হিসাব। উপজেলার সৈয়দপুর ও বারৈয়াঢালা ইউনিয়নের কৃষিজীবী মানুষের দাবি, ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় সংস্কার করা। ভোটারদের অভিযোগ, বারৈয়াঢালা ইউনিয়নের বাঁকখালী ও মহালংকা-বদরখালী খাল ভরাট হয়ে যাওয়ায় জমিতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। সৈয়দপুর ইউনিয়নের আলাকুলিপুর খাল ও বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর খালটিও বিভিন্ন স্থানে ভরাট হয়ে গেছে। খালের মুখে স্থাপিত স্লুইসগেটগুলো কোনো কাজে আসছে না। ওই দুই ইউনিয়নের ভোটার মো. জয়নাল আবেদিন, নূরুল ইসলাম, আবুল হোসেন, মনোরঞ্জন শীল ও শিপন দেবনাথ জানান, ‘বাঁকখালী ও মহালংকা-বদরখালী খালের সংস্কার হলে বিভিন্ন গ্রামের কয়েক হাজার একর জমি চাষের আওতায় আসবে। আমরা প্রার্থীদের কাছে খালগুলো সংস্কারের দাবিই জানাচ্ছি।’ বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর, কলাবাড়িয়া, পূর্ব লালানগর, পশ্চিম লালানগর, ইয়াকুবনগর, নুনাছড়া ও জাফরনগর গ্রামের ভোটাররা বলেন, ‘শুষ্ক মৌসুমে অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে বারৈয়াঢালার পাহাড়ি এলাকায় কৃত্রিম জলাধার নির্মাণ করা হয়েছে। কিন্তু স্লুইসগেট নির্মাণ না করায় জলাধারটি কোনো কাজে আসছে না। এতে সেচ-সংকটের কারণে অনাবাদি থেকে যাচ্ছে ২০ হাজার একর জমি।’ওই এলাকার ভোটার মোতালেব হোসেন, জাহাঙ্গীর আলম, খোরশেদ আলম, মো. ইদ্রিস ও রাজন চৌধুরী বলেন, ‘কৃত্রিম জলাধারটি সেচের জন্য খুলে দেওয়া গেলে এলাকার প্রায় ১০ হাজার কৃষক দুই মৌসুমে ফসল উৎপাদন করতে পারবে।’ এ বিষয়ে কথা হয় সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হারুনুর রশীদ ভূঁইয়া ও বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেহানউদ্দিনের সঙ্গে। তাঁরা বলেন, ‘আমরা চেষ্টা করি এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করতে। নির্বাচিত হলে সরকারের সহযোগিতা নিয়ে এসব সমস্যার সমাধান করা হবে।’