সীতাকুণ্ডে সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানে খুচরা টাকার তীব্র সংকট দেখা দিয়েছে। বাজারে এক, দুই ও পাঁচ টাকার মুদ্রা (কয়েন) এবং কাগজের টাকার (নোট) সরবরাহ না থাকায় এ সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। সীতাকুণ্ড পৌর সদরের কনিকা রেস্টুরেন্টের মালিক গোপাল পাল জানান, খুচরা টাকার সংকটে পড়ে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। প্রতিদিনই খুচরা টাকা নিয়ে ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডা হচ্ছে। ব্যাংকগুলোতেও খুচরা টাকা পাওয়া যায় না। সরেজমিনে দেখা গেছে, উপজেলার মুদি ও পানের দোকান, হোটেল-রেস্তোরাঁগুলোতে খুচরা টাকার সংকট মেটাতে ক্রেতাদের এক, দুই টাকার পরিবর্তে চকলেট অথবা নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি চিরকুট (টোকেন) ধরিয়ে দেওয়া হচ্ছে। ওই চিরকুট শুধু সংশ্লিষ্ট দোকানিকেই দিতে হয়। এ কারণে সমস্যায় পড়ছেন দূর থেকে আসা ক্রেতারা। একই সঙ্গে খুচরা টাকার সংকটে পড়েছেন ব্যবসায়ীরাও। বাংলাদেশ কৃষি ব্যাংক সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক প্রদীপ রঞ্জন চক্রবর্তী জানান, এমনিতে খুচরা টাকার সরবরাহ কম। আবার বাজারে এক, দুই টাকার যে মুদ্রা আছে তা গ্রাহকের হাতে যাওয়ার পর মাটির ব্যাংকে সঞ্চয় করার প্রবণতা বেশি হওয়ায় এ সংকট আরও তীব্র হয়েছে।