সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কম, বেড়িবাঁধও ভাঙা
১৯৯১ সালের ২৯ এপ্রিল ভয়াল সেই রাতে জলোচ্ছ্বাসে কুমিরা ইউনিয়নের আলেকদিয়া গ্রামের আবুল হোসেন পরিবারের সাত সদস্যকে হারান। কয়েক মিনিটের মধ্যে জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় স্ত্রী, বাবা, মা ও চার সন্তানকে। বাড়ির পাশের বড় একটি গাছের ডালে ঝুলে অলৌকিকভাবে বেঁচে যান তিনি। ভয়াবহ ওই দিনের কথা স্মরণ করতে গিয়ে আবুল হোসেন (৭৫) কান্নায় ভেঙে পড়েন। প্রতিবছর ২৯ এপ্রিল এলে স্বজনহারা উপকূলবাসীর মধ্যে কান্নার রোল পড়ে যায়। জানা যায়, ওইদিনের প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়ে যায় সীতাকুণ্ডের সলিমপুর থেকে সৈয়দপুর পর্যন্ত নয়টি ইউনিয়ন। ৩০-৩৫ ফুট উঁচু জলোচ্ছ্বাসে বিরান হয়ে যায় উপকূলের আশপাশের এলাকা। মারা যায় এলাকার প্রায় সাত হাজার মানুষ। নিখোঁজ হয় প্রায় তিন হাজার। ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। যে ক্ষতি দুই দশকেও পুষিয়ে উঠতে পারেনি উপকূলবাসী। কিন্তু এখনো বর্ষা এলে আতঙ্কে কাটে রাত। ভাঙা বেড়িবাঁধ মেরামত হয়নি ঠিকমতো। নির্মিত হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ফলে মৃত্যুঝুঁকিতে বসবাস করছে প্রায় আড়াই লাখ মানুষ। ২৩ এপ্রিল কুমিরা, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, ভাটিয়ারী উপকূলীয় এলাকা ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ এখনো বিভিন্ন স্থানে ভাঙা। এগুলো ঠিকভাবে মেরামত না করায় নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে যায়। বর্তমানে বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় বেড়িবাঁধের ভাঙনে আট গ্রামের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ করা যায় না বলে এ দুরবস্থা। ২০ বছর ধরে এর মাশুল দিচ্ছেন এলাকার আড়াই লাখ মানুষ।’ জানা যায়, ঘূর্ণিঝড়ের পর আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর অর্থায়নে উপকূলীয় এলাকায় ৫২টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। অথচ নির্মাণ করার কথা ছিল কমপক্ষে ১০০টি। উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোস্তফা কামাল বলেন, ‘উপকূলীয় এলাকার মানুষের অনুপাতে আশ্রয়কেন্দ্র অপ্রতুল। যেগুলি নির্মিত হয়েছে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নির্মাণের সময় সঠিক পরিকল্পনার অভাবে অধিকসংখ্যক লোক আশ্রয় নিতে পারে না।’পানি উন্নয়ন বোর্ডের সীতাকুণ্ড কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ‘সীতাকুণ্ডে বেড়িবাঁধের সাতটি স্থানে সিসি ব্লক ফেলা হয়েছে। বেড়িবাঁধসংলগ্ন পাঁচটি খালের মুখে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে। এ ছাড়া ১৫ কিলোমিটার বেড়িবাঁধ মেরামতের জন্য একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি অনুমোদিত হলে উপকূলের মানুষ রক্ষা পাবে।’ অনিয়ম প্রসঙ্গে বলেন, ‘আমরা চেষ্টা করছি। পানির তোড়ে যদি বাঁধ ভেঙে যায় তাহলে কী করার আছে।’সীতাকুণ্ড উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা দেলোয়ার ইসলাম বলেন, ‘সীতাকুণ্ড উপকূলীয় এলাকার লোকজনকে ঝড় ও জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য সোনাইছড়ি থেকে সৈয়দপুর পর্যন্ত বেড়িবাঁধে ১৯৯৩ সালে ব্যাপক বনায়ন করা হয়। কিন্তু একশ্রেণীর লোক রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলছে। ইতিমধ্যে এ ব্যাপারে দেড় শতাধিক মামলা হয়েছে।’