সীতাকুণ্ডে চুরি ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। দেড় মাসে দুটি ডাকাতি, দুটি অস্বাভাবিক মৃত্যু, চারটি নারী নির্যাতন ও ছয়টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জমির বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটছে প্রায় সময়। ডাকাতদল ও ছিনতাইকারীরা প্রায় ১৫ লক্ষাধিক টাকা, ২০ ভরি অলংকার, শতাধিক মুঠোফোন সেটসহ মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এসব বিষয়ে থানায় মামলা হলেও কোনো অগ্রগতি নেই|ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশির ভাগ ক্ষেত্রে পুলিশ মামলা নিতে গড়িমসি করায় থানায় মামলা হয়নি। দুই-তিনটি ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হলেও আদালত থেকে জামিনে এসে পুনরায় অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে সংশ্লিষ্টরা। এ ছাড়া পুলিশি হয়রানি এড়াতে এবং সন্ত্রাসীদের হুমকির কারণেও ক্ষতিগ্রস্তরা মামলা করতে আগ্রহ দেখান না। আবার কোনো কোনো ক্ষেত্রে মামলা নিলেও রহস্যজনক কারণে পুলিশ আসামি গ্রেপ্তার না করায় তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। ফেব্রুয়ারির আইনশৃঙ্খলা সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা পরিস্থিতির ভয়াবহ চিত্রের কথা তুলে ধরেন। ১৩ মার্চ পৌরসদরের ভূঁইয়াপাড়া ফজলুল হক মুন্সির বাড়িতে ২০-২৫ সদস্যের একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে বাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, অলংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এসময় ছয়জন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ নুরুল আবছার জানান, ঘটনার সময় মুঠোফোন থেকে পুলিশে খবর দিতে চাইলে ডাকাতেরা বলে, ‘পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না।’ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে ঘটনার চার ঘণ্টা পর। তারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ছয় ডাকাতকে আটক করে। ১৫ মার্চ উপজেলার বড় দারোগাহাট গ্রামে সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় তাদের বাধা দিতে গেলে ডাকাতদল হাসানের মা-বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি মুরাদপুর ইউনিয়নে গোপ্তাখালীতে একই সময়ে ছয়টি স্থানে বোমাবর্ষণ হয়। গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার ভাটিয়ারি-হাটহাজারী সংযোগ সড়ক এলাকায় এক সিএনজি অটোরিকশাচালকের জবাই করা লাশ পাওয়া যায়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হলেও আসামিদের পুলিশ আটক করতে পারেনি।১৭ মার্চ সীতাকুণ্ড পৌরসভার ইকোপার্ক ও উদ্ভিজ্জবাগানের (বোটানিক্যাল গার্ডেন) সুপ্তধারা ঝরনার পাশে ঝোপের মধ্যে থেকে ১৪ বছরের এক কিশোরীর লাশ পাওয়া যায়। তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশ ধারণা করলেও এখনো এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি। চন্দ্রনাথ পাহাড় ও ইকোপার্কে গত দেড় মাসে প্রায় পাঁচটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৩০টি মুঠোফোন সেট, অলংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে সাত নারীসহ ২৫ জন দর্শনার্থী আহত হন। ছিনতাই-আতঙ্কে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দোল পূর্ণিমা উৎসবও হয়নি এবার।১৭ মার্চ উপজেলার সোনাইছড়ি ঘোড়ামরা পাকা মসজিদ এলাকায় সন্ত্রাসীদের চাহিদা অনুযায়ী তিন লাখ টাকা চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে দোকানের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। গত ২১ ফেব্রুয়ারি কুমিরা জেলেপাড়ায় চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা জগদীশচন্দ্রের বাড়িতে হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া ১৮ মার্চ আওয়ামী লীগের বর্ধিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বলেন, ‘একটি চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে সরকারের উন্নয়নকাজে ব্যাঘাত সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।’ বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান মহসীন জাহাঙ্গীর বলেন, উপজেলায় চুরি, ডাকাতি ও মাদক-ব্যবসা দিন দিন বাড়ছে। চোর-ডাকাতেরা মাদক ব্যবসার সঙ্গেও জড়িত। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সীতাকুণ্ড পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম বলেন, ‘মাদকের কারণে এলাকায় চুরি-ডাকাতি-ছিনতাই বেড়েছে। এ ব্যাপারে আমরাও উদ্বিগ্ন। পৌর সদর এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশি অভিযান বাড়ানো প্রয়োজন।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘সীতাকুণ্ড থানায় গত দুই মাসে অর্ধশতাধিক মামলা হয়েছে। তবে বেশির ভাগ মামলা জমির বিরোধসংক্রান্ত। ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। জড়িতদের আটকও করছে পুলিশ।’ থানায় মামলা না নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মামলা নিতে তৈরি। কিন্তু কেউ মামলা না করলে আমাদের কিছু করার থাকে না।’