সীতাকুণ্ডে ছয় মাসে ক্ষয়ক্ষতি ২০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মাত্রা চরম পর্যায়ে পৌঁছেছে। সামান্য কারণেই সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পোড়ানো স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও সামাজিক সংঘাত কিংবা সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে দেখা যায়।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চলের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘সামান্য কারণে সড়ক অবরোধ, গাড়িতে আগুন ও ভাঙচুরের যে অপসংস্কৃতি চালু হয়েছে তা দ্রুত রোধ করা দরকার।’

আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ও বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, গত ছয় মাসে ১০টি বাস ও ৫০টি ট্রাক পোড়ানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে ২৯২টি বাস ও ৫০০টি ট্রাক। এতে মোট ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।

তবে পুলিশের দাবি, ওই সময়ে ১৯টি গাড়ি পোড়ানো ও ১২২টি ভাঙচুর হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে ৩২টি। গ্রেপ্তার হয়েছে ৪৩ জন।

পুলিশ ও মালিক সমিতির হিসাবে গরমিল সম্পর্কে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম বদিউজ্জামান বলেন, ভাঙচুর হওয়া গাড়িগুলো এক জায়গায় স্থির থাকে না। অনেকে মামলাও করে না। তাই এ ব্যাপারে সঠিক তথ্য পাওয়া সম্ভব নয়। আন্তজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দীন ও ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বলেন, নানা জটিলতার আশঙ্কায় অনেক গাড়ির মালিক এ নিয়ে রিপোর্ট করেন না। ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করা দরকার বলে তাঁরা মন্তব্য করেন। জানতে চাইলে চট্টগ্রামের পুলিশ সুপার হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ডকে ঘিরে সীতাকুণ্ডের মতো নাশকতা আর কোথাও হয় না। এখানে অবুঝ শিশুদেরও নাশকতার কাজে ঠেলে দেওয়া হয়। ফলে প্রকৃত পিকেটার চিহ্নিত করা মুশকিল হয়ে পড়ে। অন্যদিকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরাও কয়েক দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আসে। এ অবস্থায় পুলিশের একার পক্ষে এ ধরনের নাশকতা বন্ধ করা কঠিন হয়ে পড়ে।’

পুলিশ সুপার বলেন, ‘নাশকতা বন্ধের ব্যাপারে সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেছি। দায়িত্বরত পুলিশকেও আরও কঠোর হওয়ার জন্য নির্দেশ দিয়েছি।’

যেসব স্থানে অতিমাত্রায় ভাঙচুর হয়: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের যেসব স্থানে অতিমাত্রায় ভাঙচুর হয় সেসব স্থান চিহ্নিত করেছে পুলিশ। স্থানগুলো হলো, বাড়বকুণ্ড, সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা, হাসপাতাল গেইট, পৌর সদরের দক্ষিণ বাইপাস, হাসানগোমস্তা মসজিদের সামনে, ছোট দারোগাহাট, পন্থিছিলা, নুনাছড়া, বাঁশবাড়িয়া, নিমতলা, ছোটকুমিরা ও জলিল গেইট।

সূত্র জানায়, বন্দরনগর চট্টগ্রামের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগের একমাত্র পথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।

দেশের অন্যান্য স্থানে বিকল্প সড়ক থাকলেও সীতাকুণ্ডে তা নেই। ফলে সীতাকুণ্ড এলাকায় সড়ক বন্ধ করতে পারলেই বন্দর নগরের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের বিচ্ছিন্নতা তৈরি হবে।

এতে চাপের মুখে পড়বে সরকার। এ চিন্তা থেকেই দুর্বৃত্তরা নাশকতার জন্য এ অঞ্চলকে বেছে নিয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূইয়ার অভিযোগ, জামায়াত-বিএনপির উসকানিতে প্রতিটি কর্মসূচিতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ডাকাতির মতো ঘটনা ঘটছে।

দুর্বৃত্তদের গ্রেপ্তারে প্রশাসনিক ব্যর্থতা ও আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার কারণে বার বার এ ঘটনা ঘটছে।

এ প্রসঙ্গে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের বলেন, সীতাকুণ্ডে একটি সংঘবদ্ধ চক্র জামায়াত-শিবিরের ডাকা হরতাল-অবরোধের রাতে ও আগের দিন সন্ধ্যায় গাড়ি ভাঙচুর, জালাও-পোড়াও এবং ডাকাতি করে। এতে জামায়াত জড়িত নয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম বলেন, ‘দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে ঘিরে দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলা বেড়ে গেলে অবস্থা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’