সীতাকুণ্ডে জনপ্রিয় হয়ে উঠছে পোকা দমনের আলোর ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফসলের ক্ষতিকর পোকা শনাক্তকরণে এবার হাতজালের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে আলোর ফাঁদ। সহজে এ পদ্ধতি ফসলের মাঠে ব্যবহার করা যায় বলে কৃষকদের কাছে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে।
গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের ছোট দারোগাহাটের বিল এলাকায় গিয়ে দেখা যায়, কৃষকেরা সড়কের পাশে তিন দিক থেকে তিনটি খুঁটিকে একসঙ্গে বেঁধে তাতে দুটি চার্জলাইট বেঁধে আলো জ্বালিয়ে দেন। বাতির নিচে একটি বড় গামলায় রয়েছে সাবানমিশ্রিত পানি। সেখানে কিছুক্ষণ পর পর ফসলের মাঠ থেকে পোকা এসে পড়ছিল।
কৃষি সম্প্রসারণ বিভাগ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. বছির উদ্দিন প্রথম আলোকে বলেন, ফসলে আক্রমণকারী অধিকাংশ পোকাই আলোর প্রতি সংবেদনশীল। আলো দেখলেই পোকারা আলোর দিকে ধাবিত হয়। পরে পানিতে পড়ে মারা যায়। এ পদ্ধতিতে সহজেই পোকা শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের কৃষিজমিকে ২৮টি ব্লকে ভাগ করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর থেকে ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তারা পর্যায়ক্রমে আলোর ফাঁদের বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতন করছেন।
সীতাকুণ্ড উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ নাথ বলেন, ধানের সবচেয়ে বেশি ক্ষতি করে বাদামি ঘাস ফড়িং। সেটি ধানগাছের গোড়া থেকে রস শুষে নেয়। এতে গাছ বাদামি হয়ে মরে যায়। এ পোকাটি আলোর প্রতি সংবেদনশীল। এটি এ ফাঁদে ধরা পড়ে বেশি।
তিনি আরও বলেন, আগে হাতজাল ব্যবহার করে পোকা শনাক্ত করণ করা হতো। এটি সাধারণ কৃষকদের জন্য কিছুটা জটিল ছিল। কিন্তু আলোর ফাঁদ সহজ পদ্ধতি হওয়ায় কৃষকদের সাড়াও পাওয়া যাচ্ছে।