সীতাকুণ্ডে জুমচাষে হলুদের ভালো ফলন, ন্যায্যমূল্য নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি মৌসুমে বাজারে এক মণ কাঁচা হলুদ বিক্রি হচ্ছে প্রায় সাত হাজার টাকায়। কিন্তু সীতাকুণ্ডের আদিবাসী জুমচাষিরা দাদন ব্যবসায়ীদের কাছে আগাম বিক্রি করে দিয়েছেন দু-আড়াই হাজার টাকায়। ফলে হলুদের ভালো ফলন হলেও লাভের মুখ দেখছেন না তাঁরা। জুমচাষিরা কম দামে হলুদ বিক্রির শর্তে আগাম টাকা নেওয়ায় তাঁরা দাদন ব্যবসায়ীদের কাছে এভাবে পানির দরে হলুদ বেচতে বাধ্য হচ্ছেন বলে সংশ্লিষ্ট চাষিরা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, সীতাকুণ্ডের পাহাড়ি এলাকায় প্রায় তিন শতাধিক আদিবাসী পরিবার বসবাস করে। তাদের আয়ের প্রধান উৎস জুমচাষ। জুমের মধ্যে হলুদ ছাড়াও কিছু শিম, বেগুন, বটবটি, পেঁপে, করলা, আদা, কাঁকরোল, ভুট্টা, আদাসহ নানা ধরনের শাকসবজি উৎপাদন করেন। জুমচাষিরা জানান, প্রতি একর জমিতে জুমচাষ করার জন্য আগাছা পোড়ানো থেকে ফসল রোপণ পর্যন্ত সাত-আট হাজার টাকা প্রয়োজন হয়। কিন্তু জমির কাগজপত্র না থাকায় চাষের জন্য তাঁরা ব্যাংক থেকে কোনো ঋণ পান না। ফলে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে অথবা এক-তৃতীয়াংশ দামে আগাম ফসল বিক্রির শর্তে ঋণ নিতে বাধ্য হন। পৌরসভার মহাদেবপুর এলাকার জুমচাষি হরেন্দ্র ত্রিপুরা বলেন, তিনি দুই একর জমিতে জুমচাষ করেছেন। চাষের জন্য এক দাদন ব্যবসায়ীর কাছ থেকে প্রতিমণ হলুদ দুই হাজার টাকা দরে বিক্রির শর্তে চার হাজার টাকা আগাম নিয়েছেন। কয়েক সপ্তাহ পর ওই দাদন ব্যবসায়ীকে দুই মণ হলুদ দিয়ে দিতে হবে। ফলে তাঁর ভাগে লাভের তেমন কিছু থাকবে না।কুমিরা ত্রিপুরা পল্লীর জুমচাষি উপেন্দ্র ত্রিপুরা বলেন, ‘আমি চার একর জমিতে চাষ করার জন্য দাদন ব্যবসায়ীর কাছ থেকে দুই হাজার ৪০০ টাকা দরে দুই মণ হলুদের দাম আগাম নিয়েছি। তিন মন হলুদ উৎপাদনে এই টাকা খরচ হয়ে গেছে। বাজারে কাঁচা হলুদের দাম প্রতিমণ ছয়-সাত হাজার টাকা হিসেবে তিন মনের দাম ২০ হাজার টাকা হলেও সেই লাভের অঙ্ক থেকে বঞ্চিত হব আমি।’ আদিবাসী অধিকার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্র ত্রিপুরা বলেন, ‘আদিবাসীরা পাহাড়ে জুমচাষ করে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন। পাহাড়ের নিস্তেজ পাথরের কণা সংযুক্ত মাটিতে রক্ত দিয়ে তাঁরা ফসল ফলান। কিন্তু দাদন নিয়ে চাষ করার কারণে ফসলের ন্যায্যমূল্য পান না।’ নাম প্রকাশ না করে এক দাদন ব্যবসায়ী বলেন, ‘আমি যে দাদন দিচ্ছি, তা আমার নিজের টাকা নয়। আরেক ব্যবসায়ীর কাছ থেকে টাকা এনে জুমচাষিদের দিয়ে থাকি। সে হিসেবে আমিও ন্যায্যমূল্য পাই না।’কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান জানান, ‘কুমিরা ত্রিপুরা পল্লিতে ৭০টি আদিবাসী পরিবার জুমচাষ করে। ব্যাংক থেকে ঋণ নিতে হলে জমির দলিলের দরকার হয়। কিন্তু জুমচাষিদের দলিল না থাকায়, তাঁরা ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। তাই তাঁরা বাধ্য হয়ে দাদন ব্যবসায়ীদের কাছে তিন ভাগের এক ভাগ দামে ফসল আগাম বিক্রি করে দেন। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন তাঁরা।’