সীতাকুণ্ডে ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং
চট্টগ্রামের সিটি গেট এলাকা থেকে সীতাকুণ্ডের বড় দারোগাহাট পর্যন্ত ৫০টির মতো ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিং রয়েছে। এসব লেভেল ক্রসিংয়ের নেই বাংলাদেশ রেলওয়ের অনুমোদন।বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের হিসাবে, চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত ৯৫টির বেশি লেভেল ক্রসিং আছে। এর মধ্যে রেলওয়ের অনুমোদন আছে ৩০টির। এ ছাড়া বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আরও ১৫টি রেলগেট পরিচালনা করছে। এর বাইরে বাকি ৫০টি লেভেল ক্রসিংয়ের গেট ও গেটম্যান কোনোটিই নেই।অপরদিকে, রেলওয়ে তত্ত্বাবধানে পরিচালিত লেভেল ক্রসিংগুলোতেও রয়েছে জনবল-ঘাটতি। ফলে এসব ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।জানা গেছে, সর্বশেষ ২০১২ সালের আগস্টে ফৌজদারহাট সিডিএ লেভেল ক্রসিংয়ে নাসিরাবাদ এক্সপ্রেস ও মাটি বহনকারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ৩০ জন ব্যক্তি আহত হন এবং ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর প্রায় আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এর আগে ২০১১ সালের ২৮ আগস্ট সীতাকুণ্ডের একটি অনুমোদনবিহীন লেভেল ক্রসিংয়ে ট্রেন ও জিপের মুখোমুখি সংঘর্ষে প্রগতি ইন্ডাস্ট্রিজের ছয় কর্মকর্তা-কর্মচারী নিহত হয়েছিলেন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। খোলা লেভেল ক্রসিংগুলোতে রেলগেট বসিয়ে গেটম্যান নিয়োগ করার দাবিও জানান তাঁরা।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সীতাকুণ্ড এলাকার বেশ কয়েকটি লেভেল ক্রসিংয়ে গেটম্যান নেই। নেই সতর্কবাণী লেখা সাইনবোর্ডও। সীতাকুণ্ডের ইকোপার্ক লেভেল ক্রসিংয়ে পিলারের মাথায় ‘থামুন, দেখেন, চলুন’ এমন সতর্কবার্তা লেখা সাইনবোর্ড দেখা গেছে। কিন্তু এই ক্রসিংয়ে কোনো গেটম্যান দেখা যায়নি।স্থানীয় লোকজন বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অরক্ষিত লেভেল ক্রসিংকে নিরাপদ করার দাবি জানান তাঁরা।বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লেভেল ক্রসিংগুলো নিয়ন্ত্রণ করা হয় রেলওয়ের দুটি বিভাগ থেকে। যার একটি নিয়ন্ত্রণ করে ট্রাফিক বিভাগ, অপরটি প্রকৌশল বিভাগ। দুই বিভাগের অধীনে চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড পর্যন্ত লেভেল ক্রসিংগুলোতে রেলগেট রয়েছে ৩০টি। জনবল রয়েছে ৯০ জন। যার মধ্যে ৩৩ জন নিয়মিত, বাকি ৫৭ জন চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত। রেলওয়ের পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) সহকারী ট্রাফিক কর্মকর্তা (এটিও) আবদুর রাজ্জাক গেটম্যান-সংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘লেভেল ক্রসিং নিয়ে কিছুটা সংকট থাকতে পারে। আমরা চেষ্টা করছি ক্রসিংগুলোকে নিরাপদ করে তুলতে। প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবল পেলে লেভেল ক্রসিংগুলোর নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা সম্ভব।’