সীতাকুণ্ডে ডায়রিয়ার প্রকোপ, আইভি স্যালাইন সংকট
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হাসপাতালগুলোতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা ভিড় করছেন। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্ট্রাভেনাস (আইভি) স্যালাইন সরবরাহ বন্ধ থাকায় আক্রান্ত রোগীদের ভোগান্তিও বেড়েছে।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে গত জানুয়ারি সাসে ২১৫ জন, ফেব্রুয়ারিতে ২৫৮ জন, মার্চে ২০৫ জন ও এপ্রিল মাসে ২৪৬ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া বহির্বিভাগে তিন মাসে আরও অন্তত ৮০০ ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। তবে এই হাসপাতালে গত ছয় মাস ধরে আইভি স্যালাইন সরবরাহ বন্ধ থাকায় রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও সীতাকুণ্ডের ফৌজদারহাটে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ (বিআইটিআইডি) ও ইনফেকশাস ডিজিজ হাসপাতাল (আইডিএইচ) নামের দুটি বিশেষায়িত হাসপাতাল। ফৌজদারহাটে অবস্থিত দুটি হাসপাতালের মধ্যে ২০ শয্যার আইডিএইচ হাসপাতাল চালু আছে। অন্যদিকে ১০০ শয্যার বিআইটিআইডি হাসপাতালের অন্তবিভাগ এখনো চালু হয়নি। তাই ২০ শয্যার হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।
মূলত অত্যধিক গরম, অস্বাস্থ্যকর খাবার ও দূষিত পানি পানের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন চিকিৎসকেরা। সম্প্রতি সরেজমিনে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, নারী ও পুরুষ ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা। এদিকে ফৌজদারহাটের ২০ শয্যার আইডিএইচ হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে জানুয়ারিতে ৩৬৩ জন, ফেব্রুয়ারিতে ৫৪১ জন, মার্চে ৭৮৬ জন ও এপ্রিলে ১ হাজার ২১৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন। আইডিএইচ ও বিআইটিআইডির পরিচালক নারায়ণ চন্দ্র দাস বলেন, তাঁর দুটি প্রতিষ্ঠানে চিকিৎসক রয়েছেন ৩৬ জন।
সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মিজবাহুল আলম বলেন, সিভিল সার্জনের কার্যালয় থেকে গত ছয় মাস ধরে তাঁদের হাসপাতালে সব ধরনের আইভি স্যালাইন সরবরাহ বন্ধ রয়েছে। তবে রোগীদের সব ধরনের ওষুধ কিনতে হয় না।