সীতাকুণ্ডে তরমুজ তোলার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ডের জামাদারপাড়ায় খেত থেকে তরমুজ তুলছেন এক চাষি  প্রথম আলো
সীতাকুণ্ডের জামাদারপাড়ায় খেত থেকে তরমুজ তুলছেন এক চাষি প্রথম আলো

সীতাকুণ্ডের সাগর তীরের ফসলি জমি থেকে তরমুজ তোলা শুরু করেছেন কৃষকেরা। এবার অত্যধিক খরা ও বৃষ্টি না হওয়ায় ফলনও ভালো হয়েছে। ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। তবে সাগরের লোনা পানি ঢুুকে পড়ায় লবণাক্ততার কারণে কিছু তরমুজ খেতে আশানুরূপ ফলন হয়নি।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সৈয়দপুর, বারৈয়ারঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা ইউনিয়নের গুলিয়াখালী, ভাটেরখীল, গুপ্তাখালী, উত্তর ও মধ্যম মাহমুদাবাদ, নডালিয়া, আকিলপুর, মাঝামাঝিপাড়া, বোয়ালিয়াকূল ও জমাদারপাড়াসহ উপজেলার সাগরতীরের প্রায় ১০০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে।
উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, এবার তরমুজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ছয় হাজার টন। ইতিমধ্যে লক্ষ্যমাত্রার কাছাকাছি পরিমাণ তরমুজ চাষিরা খেত থেকে তুলেছেন। চাষিরা আরও ১৫ দিন খেত থেকে তরমুজ তুলবেন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তরমুজ উৎপাদিত হবে বলে আশা করছেন তাঁরা।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা যায়, নভেম্বর-ডিসেম্বর মাসে তরমুজের চাষ শুরু হয়। মার্চ মাস থেকে ফলন আসা শুরু করে। চাষিরা মে মাস পর্যন্ত খেত থেকে তরমুজ তোলেন। এবার তরমুজ চাষে প্রতি হেক্টরে চাষিদের খরচ হয়েছে ৫০ হাজার টাকার মতো। সীতাকুণ্ডে এবার ট্রফি, ফিল্ড মাস্টার, গ্লোরি, গ্লোরি জাম্বু নামের হাইব্রিড জাতের তরমুজ চাষ হয়েছে। তার মধ্যে বেশি চাষ হয়েছে গ্লোরি জামু্ব তরমুজ। এটি অন্যান্য জাতের তরমুজ থেকে আকারে বড় ও মিষ্টি।
সম্প্রতি কুমিরা ইউনিয়নের জমাদারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, চাষিরা বাজারে নেওয়ার জন্য খেত থেকে তরমুজ তুলছেন। কথা হয় আহছান উল্লাহ, দিদারুল আলম, আলমগীর হোসেন ও মো. নাছিরসহ বেশ কয়েকজন চাষির সঙ্গে। আহছান উল্লাহ বলেন, তিনি ৪০ শতক জমিতে তরমুজের চাষ করেছেন। এতে তাঁর খরচ হয়েছে ১০ হাজার টাকা। এখন পর্যন্ত তিনি ২৭ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। তিনি ধারণা করছেন আরও দেড় লাখ টাকা তরমুজ বিক্রি করতে পারবেন।
কৃষক মো. আলমগীর বলেন, শহর থেকে আসা পাইকারি ক্রেতারা খেত থেকে তরমুজ কিনে নিয়ে যান। বড় আকারের ১০০টি তরমুজ গড়ে নয় হাজার টাকায় বিক্রি হয়।
উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, বিক্রেতারা প্রতিটি তরমুজ সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা দামে বিক্রি করছেন।
দাম বেশি কেন জানতে চাইলে ফল বিক্রেতা নুরুন্নবী বলেন, এবার উৎপাদন বেশি হলেও খেত থেকে বেশি দামে কিনতে হচ্ছে। ফলে বিক্রিও হচ্ছে বেশি দামে।
উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম বলেন, ‘আমি বিভিন্ন তরমুজ খেত ঘুরে দেখেছি, গত বছর থেকে এবার ফলন ভালো হয়েছে। তবে বেড়িবাঁধ থাকলে বাঁশবাড়িয়া ও কুমিরা অঞ্চলে তরমুজের উৎপাদন আরও বেশি হতো।’