সীতাকুণ্ডে নাজুক স্যানিটেশনব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় নলকূপ, শৌচাগার নেই। যেসব প্রতিষ্ঠানে শৌচাগার আছে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের খোলা জায়গা, বাঁশঝাড় ও বিদ্যালয়ের আশপাশের বাড়িতে যেতে হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে। এ ছাড়া ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে নলকূপ না থাকায় পানির সমস্যাও প্রকট। বিশেষ করে উপকূলীয় এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা বেশি নাজুক। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে ১২১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৩টি সরকারি, ৪৬টি নিবন্ধনকৃত (রেজিস্টার্ড) বেসরকারি ও ১২টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়।সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা গেছে, নলকূপ নষ্ট থাকায় শিক্ষার্থীরা আশপাশের বাড়ি থেকে পানি এনে পান করছে। বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র জয়নুল আবেদিন বলেন, ‘গরমের দিনে পানির জন্য গলা শুকিয়ে যায়। অথচ বিদ্যালয়ের কল (নলকূপ) নষ্ট। তাই এই বাড়ি, ওই বাড়ি থেকে পানি এনে খাই।’একই শ্রেণীর ছাত্র সুমন মিয়া জানায়, বিদ্যালয়ে শৌচাগার না থাকায় পাশের বাড়িতে চলে যেতে হয়। প্রধান শিক্ষক মো. এরশাদ উল্লাহ জানান, ‘বিদ্যালয়ের শিক্ষার্থী খুবই বেশি। নলকূপ বেশি চাপাচাপি হয় তাই প্রায়ই নষ্ট থাকে। এ ছাড়া বিদ্যালয়ে কোনো ঝাড়ুদার নেই। নিজ খরচে স্থানীয় ঝাড়ুদারদের মাধ্যমে শৌচাগার পরিষ্কার এবং কারিগর ডেকে নষ্ট নলকূপ মেরামত করতে হচ্ছে।’ এদিকে, যেসব বিদ্যালয়ে শৌচাগার আছে সেগুলোও নিয়মিত পরিষ্কার করা হয় না। ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে নলকূপের মাথা চুরির হিড়িক পড়েছে। নলকূপের মাথা চুরি হলে তা মেরামত করতে অনেক দিন লাগে।’ জানা যায়, ছয় বছর আগে এনজিও ফোরাম পরিচালিত এক জরিপে শুধু পৌর সদরের ৮২ শতাংশ নলকূপের পানিতেই আর্সেনিক ধরা পড়ে। কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান জানান, ‘উপকূলীয় এলাকার স্যানিটেশন ব্যবস্থা খুবই নাজুক। বিদ্যালয়গুলোতে শৌচাগার, প্রস্রাবখানা নির্মাণ ও নলকূপ স্থাপনের জন্য শিক্ষা বিভাগে বারবার তাগিদ দেওয়া হচ্ছে। কিন্তু এরপরও কোনো কাজ হচ্ছে না।’ এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর রহমান মজুমদার জানান, ‘উপজেলার যেসব বিদ্যালয়ে স্যানিটেশনব্যবস্থা নাজুক সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে।’