সীতাকুণ্ডে পানি নিষ্কাশনের নয়টি স্লুইসগেটই অকেজো
সীতাকুণ্ড উপজেলার নয়টি খালের মুখে স্থাপিত স্লুইসগেট অকেজো হয়ে পড়েছে। এর ফলে খালে জোয়ার-ভাটা ও স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এ কারণে সম্প্রতি বন্যায় উপকূলীয় এলাকার পার্শ্ববর্তী গ্রামগুলোর বেশ ক্ষতি হয়েছে।প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব খালে পানির প্রবাহ না থাকায় পানির অভাবে চাষাবাদ ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।অনুসন্ধানে জানা যায়, পানি উন্নয়ন বোর্ড আশির দশকের শেষ দিকে চাষাবাদের প্রয়োজনে বেড়িবাঁধসংলগ্ন সৈয়দপুর ইউনিয়নের ডোমখালী খাল, বাঁকখালী খাল, ছোট কুমিরার অন্তর খাল, বাড়বকুণ্ডের গুপ্তা খাল, নডালিয়া খাল, বাঁশবাড়িয়ার বোয়ালিয়া খাল, মুরাদপুরের ভাটেরখীল খাল, গুলিয়াখালী খাল ও বশরতনগর খালের মুখে স্লুইসগেট স্থাপন করেছিল। ওই সময় এলাকার খালগুলো প্রতিবছর খনন (ড্রেজিং) করা হতো। নব্বই দশক পর্যন্ত এসব স্লুইসগেট রক্ষণাবেক্ষণে পানি উন্নয়ন বোর্ড দায়িত্ব পালন করলেও পরবর্তীকালে নিয়োজিত জনবল প্রত্যাহার করে নেওয়া হয়। এর পর থেকে স্লুইসগেটগুলো অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়ে। বর্তমানে নয়টি স্লুইসগেটের নিচের অংশ মাটিসহ অন্যান্য আবর্জনায় ভরাট হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, সাগরের জোয়ারের পানি যাতে স্লুইসগেট অতিক্রম করে খাল দিয়ে লোকালয়ে আসতে না পারে, সে জন্য প্রতিটি খালের মুখে জোয়ার নিয়ন্ত্রক স্থাপন করার কথা থাকলেও তা করা হয়নি।ভাটেরখীল এলাকার বাসিন্দারা জানান, পানি উন্নয়ন বোর্ড বেড়িবাঁধসংলগ্ন জায়গাগুলো এলাকার প্রভাবশালী ব্যক্তিদের মাছ চাষের জন্য ইজারা দিয়েছে। ইজারা গ্রহীতারা মাছ চাষের সুবিধার্থে নিজেদের অর্থে মাঝেমধ্যে স্লুইসগেটগুলো সংস্কার করেন।ভাটেরখীল মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের সদস্যসচিব বাবুল হোসেন জানান, মাছের উৎপাদন বাড়ানোর আশায় ৭০ হাজার টাকা ব্যয় করে দুটি স্লুইসগেট সংস্কার করা হয়েছে সম্প্রতি। স্থানীয় লোকজন জানান, স্লুইসগেটগুলোতে এখন লোহা চোরদের উৎপাত বেড়েছে। যে যেভাবে পারছে লোহার পাত খুলে নিয়ে যাচ্ছে। স্লুইসগেটগুলোর এ দৈন্যদশার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কেউ কোনো তথ্য দিতে পারেননি।এ বিষয়ে জানার জন্য সীতাকুণ্ড পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে গিয়ে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানান, এগুলো দেখাশোনার জন্য স্থানীয়ভাবে যে জনবল ছিল, গত চার বছর আগে এদের প্রত্যাহার করা হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, স্থানীয় খালগুলোর পানিপ্রবাহের ওপর নির্ভর করে উপজেলার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়। তিনি জানান, খালগুলোতে যতটুকু পানি পাওয়া যায় তা সম্বল করে অনেক কৃষক চাষাবাদে নেমে পড়েন। তবে পানি নিষ্কাশনের জন্য স্লুইসগেটগুলো সংস্কার করা খুবই জরুরি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রউফ বেড়িবাঁধসংলগ্ন স্লুইসগেটগুলোর দৈন্যদশার কথা স্বীকার করেন। তিনি বলেন, এগুলো সংস্কারে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জানানো হয়েছে।