সীতাকুণ্ডে পুকুরগুলো যেন ডাস্টবিনে
সীতাকুণ্ড পৌর এলাকায় প্রয়োজনীয় ডাস্টবিন নেই। যেসব ডাস্টবিন আছে সেগুলোও বসানো হয়েছে অপরিকল্পিতভাবে। নেই সুষ্ঠু ড্রেনেজ (নালা) ব্যবস্থা। ফলে মানুষ যেখানে-সেখানে আর্বজনা ফেলছেন। বিশেষ করে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে পৌর এলাকার চারটি বড় বড় পুকুরে। তাই এসব পুকুর ডাস্টবিনে পরিণত হয়েছে। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পুকুরের পানি ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানান রোগ। সরেজমিনে দেখা যায়, পৌরসদরের কলেজ সড়কের দুইপাশে বড় বড় চারটি পুকুর রয়েছে। স্থানীয় অনেকেই গোসল ও গৃহস্থালি কাজে এসব পুকুরের পানি ব্যবহার করেন। পুকুরগুলোর সঙ্গে যুক্ত রয়েছে বেশ কয়েকটি নালা। আশপাশের বাজারের দোকান, স্থানীয় মাছ-মাংসের বাজার, হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন কারখানার বর্জ্য এসব নালা বেয়ে এসে পড়ে পুকুরে। এতে ব্যবহারকারীরা চর্মরোগ ও শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন।সোবহানবাগ আবাসিক এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম (৪০) ও আবুল হোসেন (৩৫) জানান, ‘পৌরসভায় পর্যাপ্ত নালা (ড্রেন) না থাকায় পুকুরসহ বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলা হয়। অনেকে তাঁদের গোসলখানা ও শৌচাগারের বর্জ্য পানি পাইপলাইনের মাধ্যমে পুকুরে ফেলছেন। এতে পানি দূষিত হয়ে পড়ছে। দূষিত পানি ব্যবহার করে লোকজন চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। এ ছাড়া, পুকুরে মশার বংশবিস্তার এবং চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে।’এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন জানান, গত এপ্রিলে তাঁর বাবাসহ পরিবারের তিন শিশুসন্তান একই সময়ে ডায়রিয়ায় আক্রান্ত হন। তাঁদের চিকিৎসার জন্য ঘরে চিকিৎসক এলে তিনি পাশের পুকুরে ময়লা-আবর্জনা দেখে ওই পুকুরের পানি নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যবহার না করার পরামর্শ দেন। সোবহানবাগ এলাকায় মার্চ-এপ্রিলে প্রায় ২৫-৩০ জন শিশু ও বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় জলাবদ্ধতা দূর করে পুকুর ডোবাগুলো পরিচ্ছন্ন রাখার জন্য ৪৩ কিলোমিটার (ড্রেন) নালা প্রয়োজন। বর্তমানে নালা রয়েছে ১২ কিলোমিটার। নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় আরও ৩০ কিলোমিটার নালা তৈরির ব্যাপারে জরিপ চলছে। পৌরসভার সচিব নজরুল ইসলাম বলেন, ‘পৌরসভার একটি মিনিট্রাক দিয়ে ময়লা-আবর্জনা এনে নির্দিষ্ট স্থানে ফেলা হয়। তবে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার জন্য পৌরসভার জনসাধারণকে সচেতন হতে হবে।’ সীতাকুণ্ড হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আব্দুল মোমেন বলেন, ‘পুকুরের দূষিত পানি পেটে গেলে আমাশয়ে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। এ ছাড়া মশাবাহিত ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চর্ম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।’পৌর মেয়র সফিউল আলম বলেন, ‘পৌর এলাকায় প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ডাস্টবিন রয়েছে। এ ছাড়া, যেসব খাল দখলদারদের দখলে আছে সেগুলো উদ্ধারের উদ্যোগ নেওয়া হবে। খালগুলো সচল থাকলে পৌর এলাকার পরিবেশ অনেকটা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে।’