সীতাকুণ্ডে ফসলি জমির মাটি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডে নিচু জায়গা ভরাট, ভাটার ইট তৈরিসহ বিভিন্ন কাজের জন্য চলছে ফসলি জমির মাটি বেচাকেনার রমরমা ব্যবসা। অভাবী কৃষকেরাই বিক্রি করছেন নিজেদের জমির মাটি। এতে পরবর্তীতে ফসল উৎপাদন হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞেরা। বারৈয়াঢালা, সৈয়দপুর, মুরাদপুর, বাঁশবাড়িয়া ইউনিয়ন ঘুরে জানা গেছে, শুষ্ক মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে ফসলি জমির মাটি বিক্রি শুরু হয়েছে। আবাদি জমির ওপরের অংশ এক-দুই ফুট গর্ত করে কেটে নেওয়া হচ্ছে। একশ্রেণীর ব্যবসায়ী ওই মাটি কৃষকদের কাছ থেকে কিনে ট্রাকে করে ইটভাটা বা নিচু জমি ভরাটের জন্য সরবরাহ করছেন। বারৈয়াঢালার বহরপুর গ্রামের জয়নাল আবেদিন বলেন, ‘এক মাস আগে সাত হাজার টাকায় ২৪ শতাংশ জমির মাটির ওপর থেকে দুই ফুট বিক্রি করেছি। অভাব-অনটনের কারণে এ মাটি বিক্রি করেছি।’বগাচতর গ্রামের জামাল হোসেন বলেন, ‘সবাই মাটি বিক্রি করছেন। তাই আমিও বিক্রি করেছি। ১৩ শতাংশ জমির মাটি বিক্রি করেছি পাঁচ হাজার টাকায়।’ ফসলি জমির মাটি বিক্রি করায় গর্তের সৃষ্টি হয়। গর্তের মধ্যে চার-পাঁচ বছর কোনো আবাদ হয় না বলে জানান মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালীর ভুক্তভোগী কৃষক আবুল কালাম। তিনি বলেন, ‘আমি দুই বছর আগে ২০ শতাংশ জমির মাটি বিক্রি করেছিলাম। এ কারণে এখনো ওই জমিতে ঠিকমতো ফসল হচ্ছে না।’দুই বছর ধরে মাটি বেচাকেনার ব্যবসা করছেন জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, ‘মানুষ নিচু জমি ভরাট করে বাড়ি করছেন। এ জন্য প্রচুর মাটির দরকার। আমরা কৃষকদের কাছ থেকে নগদ টাকায় মাটি কিনে শ্রমিক দিয়ে ট্রাকে করে মাটিগুলো নিয়ে যাই।’উপজেলা কৃষি সমপ্রসারণ কার্যালয়ের কর্মকর্তারা জানান, জমির উর্বরাশক্তি থাকে ওপর থেকে ১৫-২০ ইঞ্চির মধ্যে। তাই ওই মাটি সরিয়ে ফেলায় উর্বরাশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়। এমন জমিতে আগের মতো উর্বরাশক্তি ফিরে আসতে কমপক্ষে ১০-১৫ বছর সময় লাগে। আর এভাবে মাটি বিক্রি অব্যাহত থাকলে একসময় ফসল উৎপাদনে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু জাফর মো. মঈনুদ্দিন জানান, ‘কৃষকদের মাটি বিক্রি না করার বিষয়ে সচেতন করার পরও তাঁরা আমাদের কথা শুনছেন না। নগদ টাকার বিনিময়ে তাঁরা মাটি বিক্রি করছেন। এভাবে সাময়িক অভাব মিটলেও উৎপাদন ব্যাহত হচ্ছে, আর এসংক্রান্ত কোনো আইন না থাকায় আমরা কিছুই করতে পারছি না।’