সীতাকুণ্ডে বন্ধ করা যাচ্ছে না পাহাড় কাটা
সীতাকুণ্ড উপজেলায় প্রকাশ্যে পাহাড় কাটা চলছেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক উন্নয়নের জন্য পরিবেশ অধিদপ্তর চারটি স্থানে পাহাড় কাটার অনুমতি দিলেও উপজেলার আরও ২০টি এলাকায় অনুমতি ছাড়াই পাহাড় কাটা হচ্ছে।সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে মাটি সরবরাহের জন্য পরিবেশ অধিদপ্তর উপজেলার চারটি স্থানে পাহাড় কাটার অনুমতি দেয়। এসব এলাকা হলো: বাড়ককুণ্ড মকবুল আহমদ জুট মিলসংলগ্ন পাহাড়, বারো আউলিয়ার সোনাইছড়ি-সংলগ্ন পাহাড়, শীতলপুর আবুল খায়ের মিলসংলগ্ন পাহাড় ও ভাটিয়ারী জঙ্গল ছলিমপুর-সংলগ্ন পাহাড়। তবে অনুমতি ছাড়াই আরও বহু স্থানে পাহাড় কাটা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, বারো আউলিয়া, জোড়ামতল ইসলামী বিশ্ববিদ্যালয়, কদমরসুল, ভাটিয়ারী, ফকিরহাট, বাংলাবাজার, ফৌজদারহাট, সলিমপুর সিডিএ আবাসিক এলাকা ও বাড়বকুণ্ড এসকেএম জুট মিলসংলগ্ন ২০টি এলাকায় প্রকাশ্যে পাহাড় কাটা হচ্ছে। এসব এলাকার পাহাড়ও মহাসড়কের উন্নয়নের নামে কাটা হচ্ছে। অভিযোগ আছে, ইটভাটায় ইট তৈরিতে ও নিচু জমি ভরাটের জন্য ব্যবহূত হচ্ছে এসব পাহাড়ের মাটি।সরেজমিনে জঙ্গল সলিমপুর এলাকায় গিয়ে দেখা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, এমন একটি পাহাড় কাটা হচ্ছে। পাহাড় কাটার জন্য ব্যবহার করা হচ্ছে এসকেভেটর। ৮-১০টি বড় ট্রাকের সাহায্যে নেওয়া হচ্ছে মাটি। সেখানে কথা হয় ট্রাকচালক জসিম উদ্দিনের সঙ্গে। তিনি জানান, বিভিন্ন আবাসন কোম্পানি মাঠ ভরাটের জন্য এসব মাটি কেনে। তবে এখন পাহাড় কাটার মাটি কোন আবাসন প্রকল্পের জন্য নেওয়া হচ্ছে, তা তিনি বলতে চাননি। বাড়বকুণ্ড এলাকায় গিয়ে সেখানে ২০০ ফুট উঁচু পাহাড় কাটতে দেখা গেছে।কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘ছোট কুমিরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছেন। থানায় অভিযোগ করা হলেও পুলিশ ব্যবস্থা নেয় না।’সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, ‘পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পাহাড় কাটার সময় জঙ্গল সলিমপুর থেকে মাটি কাটার এসকেভেটরসহ তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।’পাহাড় কাটা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘এখানে পাহাড় কেটে যেসব আবাসিক প্রতিষ্ঠান, ইটভাটা এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ হচ্ছে এর বেশিরভাগই অবৈধ। কিছুদিন আগে কয়েকটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। যারা এসব অপকর্ম করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে।’চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম জানান, ‘মহাসড়কের কাজের জন্য শর্তসাপেক্ষে ৪টি প্রতিষ্ঠানকে পাহাড় কাটার অনুমতি দেওয়া হয়েছে। কোন পাহাড় থেকে কি পরিমাণ মাটি কাটা হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনিয়ম হওয়ায় ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। পাহাড় কেটে অবকাটামো নির্মাণের অভিযোগে কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।