সীতাকুণ্ডে বেড়িবাঁধ ভাঙাই রয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের উপকূলীয় এলাকার ভাঙা বেড়িবাঁধ এবারও সংস্কার হলো না। সামনের বর্ষার আগে বাঁধ সংস্কারের কোনো লক্ষণ নেই। জাপানের অর্থসহায়তা সংস্থা জাইকাসহ উন্নয়ন সহযোগীরা এলাকা পর্যবেক্ষণ করলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে আতঙ্কে দিন কাটছে উপকূলের বাসিন্দাদের।
এদিকে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণের দাবিতে গত রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয় এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী।
বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্র জানায়, ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার সময় পানির তোড়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর, জমাদারপাড়া, বোয়ালিয়ারকূলসহ কুমিরা ও সোনাইছড়ি ইউনিয়নের অন্তত দুই কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। তখন থেকে সাগরপাড়ের গ্রামগুলোতে জোয়ারের পানি আসা-যাওয়া করছে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় প্রায় এক হাজার পরিবারের বসবাস। এ ছাড়া জোয়ারের পানি ঢুকে পড়ায় এসব এলাকার প্রায় দুই হাজার হেক্টর জমিতে চাষ হচ্ছে না গত পাঁচ বছর ধরে।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, আকিলপুর এলাকার বেড়িবাঁধের ব্লক এলোমেলো অবস্থায় পড়ে আছে। আকিলপুরের ওই অংশ থেকে জমাদারপাড়া পর্যন্ত অন্তত এক কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে। পাশের কৃষিজমিগুলোও বিরান। এ ছাড়া আশপাশের গাছপালা উপড়ে পড়ে রয়েছে।
জমাদারপাড়ার বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, এখানকার জমিতে চাষাবাদ হচ্ছে না বাঁধটি ভাঙার পর থেকে। শীতকালে কিছু জমিতে তরমুজ চাষ হয়। তাও লবণাক্ততার কারণে ভালো ফলন হয় না।
একই এলাকার মো. আহছান উল্লাহ জানান, বর্ষাকালে তাঁদের গ্রাম ডুবে যায় জোয়ারের পানিতে। তখন রান্নাবান্না পর্যন্ত বন্ধ হয়ে যায়। ঘর থেকে বের হওয়া যায় না। ছেলেমেয়েদের স্কুল-কলেজে যেতে অসুবিধা হয়।
বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জানান, তিনি সংশ্লিষ্ট সব দপ্তরে বাঁধটি সম্পর্কে অবহিত করেছেন। জানিয়েছেন ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কথা। কিন্তু তার পরও কোনো প্রতিকার পাওয়া যাচ্ছে না। এবার বর্ষার আগে বেড়িবাঁধ সংস্কার না হলে কঠোর আন্দোলনে যাবে ভুক্তভোগীরা।
জানতে চাইলে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া বলেন, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বেড়িবাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ডও বিব্রত। বোর্ডের পক্ষ থেকে অনেক চেষ্টা করার পরও কাজ শুরু করা সম্ভব হয়নি।
ওই এলাকার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রথমে জলবায়ু ট্রাস্ট ফান্ডে আবেদন করা হয়। যা এখনো অনুমোদন পাওয়া যায়নি। এ বছর তা উন্নয়ন তহবিল এডিবিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তা ছাড়া জাইকার কাছেও প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই বেড়িবাঁধটি ব্লক দিয়ে নির্মাণ করতে হবে। এ জন্য প্রচুর অর্থ ব্যয় হবে। তার পরও অন্তত লোকালয়ে যাতে পানি না ঢোকে সেজন্য রিং বাল্ব (মূল বেড়িবাঁধ থেকে কিছুটা ভেতরে অস্থায়ী বেড়িবাঁধ) দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা আর হয়নি। স্থানীয় বাসিন্দারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করছে। চলতি বছরে বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সর্বাত্মক চেষ্টা রয়েছে। নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।