সীতাকুণ্ডে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে চালু হলো 'স্বপ্নঘর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ভূমি কার্যালয় চত্বরে ভূমি–বিষয়ক প্রদর্শনীকেন্দ্র ও গ্রন্থাগার ‘স্বপ্নঘর’ উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে এটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া।
স্বপ্নঘর চালু হওয়াকে ব্যতিক্রমী উদ্যোগ বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, সাধারণ মানুষ ভূমি কার্যালয়ে এসে নানা ভোগান্তিতে পড়েন। ভূমি আইন সম্পর্কে অধিকাংশ মানুষের ধারণা নেই। ফলে প্রতারকের ফাঁদে পড়ে সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয় অনেকে। তা ছাড়া বিরোধ নিষ্পত্তিতে অপেক্ষা করতে হয় বছরের পর বছর। এ সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দিতে এই উদ্ভাবনী প্রকল্প হাতে নেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম। নির্মাণ করেন প্রদর্শনকেন্দ্র ও গ্রন্থাগার।
উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, ‘স্বপ্নঘর’–এ রয়েছে ভূমি আইন–সংক্রান্ত বই। জটিল ভূমি কার্যক্রম সমাধানের চিত্র। সেবাপ্রার্থীদের বসার স্থান (গোলঘর) ‘সেবা নীড়’। এতে ২৫ থেকে ৩০ জন সেবাপ্রার্থীর বসার ব্যবস্থা রয়েছে। নতুন সেবাপ্রার্থীদের জন্য তৈরি করেছেন ‘সেবাসন’।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, তিনি আসার পর দেখতে পান সেবাপ্রার্থীরা ভূমি কার্যালয়ে এসে এলোমেলোভাবে ঘুরতে থাকেন। তখন সুযোগ নেয় দালালচক্র। এসব বিষয় বিবেচনা করে গত এপ্রিল থেকে স্বপ্নঘর নির্মাণকাজ শুরু করেন। তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা এগিয়ে আসেন।