চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ হওয়ার পর থেকে মাইক্রোবাস ও লেগুনায় চড়তে বাধ্য হচ্ছেন যাত্রীরা। এসব যানবাহনের চালকেরা যাত্রীদের কাছ থেকে খেয়াল-খুশিমতো ভাড়া আদায় করছে। আর বাড়তি ভাড়া দিতে গিয়ে দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের মানুষজনের।
সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা সদরের মহন্তের হাট এলাকায় গিয়ে দেখা যায়, যাত্রী পরিবহনের জন্য কয়েকটি লেগুনা, মাইক্রোবাস ও মিনিট্রাক দাঁড়িয়ে আছে। যানবাহনের সংখ্যা কম হওয়ায় যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে ওই সব গাড়িতে ওঠার জন্য। অথচ এসব পরিবহনের মধ্যে মাইক্রোবাস ও মিনিট্রাকে যাত্রী পরিবহনের রুট পারমিট নেই বলে জানিয়েছে পুলিশ।
রুট পারমিট না থাকলেও ভাড়া আদায় করা হচ্ছে অটোরিকশার চেয়ে অনেক বেশি। স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক শিমুল চন্দ্র দাস প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ড থেকে আট কিলোমিটার দূরে বাঁশবাড়িয়া ইউনিয়নে তাঁর বাড়ি। এইটুকু দূরত্বে সিএনজিচালিত অটোরিকশায় আগে ভাড়া নিত ১০ টাকা। কিন্তু এখন অটোরিকশা বন্ধ হয়ে যাওয়ার পর মাইক্রোবাস ৩০ টাকা আর লেগুনা ২০ টাকা ভাড়া আদায় করছে।
সীতাকুণ্ড সদরের বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, এখানে যাত্রীদের জিম্মি করে যে যাঁর মতো ভাড়া নিচ্ছেন। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে যেতে বলেন চালক ও তাঁর সহকারী।
বেসরকারি সংস্থার কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, তাঁর মাসিক বেতন আট হাজার টাকা। আগে যেখানে প্রতি মাসে ভাড়া বাবদ খরচ হতো ৪০০-৫০০ টাকা, সেখানে এখন এক হাজার টাকার বেশি খরচ হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম নগরের অলংকার মোড় পর্যন্ত ভাড়া কত হবে, তা পুলিশ কিংবা সংশ্লিষ্ট প্রশাসন নির্ধারণ করেনি। ফলে বেশি ভাড়া আদায় করছেন গাড়ির চালকেরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা বন্ধ করে দেওয়ার পর সীতাকুেণ্ড গণপরিবহনের সংকট সৃষ্টি হয়। যাত্রী পরিবহনে যুক্ত হয় মিনিট্রাক ও মাইক্রোবাস। আগে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা থাকলেও এখন নেওয়া হচ্ছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।
সীতাকুণ্ড-অলংকার রুটে চলাচলকারী লেগুনাচালক মো. জনি বলেন, এই রুটে নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা নেই। তাই চালকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইফতেখার হাসান বলেন, বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণ করার দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। পুলিশ ভাড়া নির্ধারণ করে না। জনগণের কথা বিবেচনা করে মহাসড়কে এ ব্যাপারে অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি ইফতেখার হাসান আরও বলেন, মাইক্রোবাস ও মিনিট্রাকে করে গণপরিবহনের মতো স্বল্প দূরত্বে যাত্রী পরিবহন করা সম্পূর্ণ অবৈধ। ওই সব যানবাহনকে তাঁরা প্রতিদিন মামলা দিচ্ছেন।