সীতাকুণ্ডে মৃত্যুঝুঁকিতে বসবাস ৩০ হাজার মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পাহাড়ের টিলায় ও ঢালুতে প্রায় ৩০ হাজার মানুষ মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে। বিভিন্ন সময়ে লোকজন পাহাড় কেটে বসতি স্থাপন করলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের মাথাব্যথা নেই। তবে বন বিভাগের দাবি, নিরাপদ স্থানে আশ্রয় নিতে তাঁদের কর্মীরা সতর্ক করে দিলেও বসবাসকারীরা তা মানছেন না। ফলে যেকোনো মুহূর্তে পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করছেন প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, জঙ্গল সলিমপুর, সোনাউছড়ি, কুমিরা, বাঁশবাড়িয়া, বারৈয়াঢালা, লতিফপুর, সীতাকুণ্ড সদর এলাকায় পাহাড়ের টিলায় ও ঢালুতে বসতি স্থাপন করে বসবাস করছেন লোকজন। এ ছাড়া লতিফপুর, সলিমপুর ও কুমিরা এলাকায় সরকারি পাহাড় কেটে অবৈধভাবে বসতি গড়ে তুলেছেন অনেকেই। এঁদের অধিকাংশই দিনমজুর, রিকশাচালক, স্থানীয় জুটমিল-টেক্সটাইল মিলগুলোতে চাকরি এবং ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করছেন। জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা আসমা বেগম বলেন, ‘সাগর বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে গেছে। তারপর থেকে পাহাড়েই ঠাঁই নিয়েছি। পাহাড় ভেঙে পড়লেও এখানে থাকতে হবে।’ সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাউদ্দিন আজিম বলেন, ‘নিজে জায়গা কিনে ঘর করার সামর্থ্য তাঁদের নেই। তাই জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢালে বসবাস করছেন।’ কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান জানান, ছোট কুমিরায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছেন। তিনি বলেন, ‘পাহাড় নিধনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে।’ বন বিভাগের সলিমপুর বিট কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এসব এলাকায় লোকজন বন বিভাগের জায়গায় অবৈধভাবে বসবাস করছে। অন্য কোথাও গিয়ে বসবাস করার জন্য বলা হলেও কাজ হচ্ছে না।’ সীতাকুণ্ড বন বিভাগ সূত্রে জানা যায়, বারৈয়াঢালা, সীতাকুণ্ড পৌর সদর, কুমিরা, সলিমপুর, সোনাইছড়ি এলাকায় ১৬ হাজার ২৪৪ একর বনভূমি রয়েছে। এর মধ্যে সাড়ে পাঁচ হাজার একর জায়গা বেদখলে। অবৈধ দখল হওয়া জায়গার ওপর প্রায় সাত হাজার পরিবারের ৩০ হাজার লোকজন ঘরবাড়ি তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে। সোনাউছড়ি ইউপি চেয়ারম্যান নুরউদ্দিন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাসরত পরিবারগুলোকে অন্যত্র সরে যেতে বলা হলেও তারা সরছে না।’ এ কারণে ভারী বৃষ্টি হলে পাহাড়ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’ বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আক্তার কামাল জানান, ৩০ হাজার লোক পাহাড়ে মৃত্যুর ঝুঁকি নিয়ে বাস করছেন। ইতিমধ্যে ৫৩৩ পবিবারের তালিকা করা হয়েছে। লতিফপুর, সলিমপুর ও সোনাইছড়ি এলাকায় পাহাড়ে বসবাসরত লোকজনের তালিকা তৈরির কাজ চলছে। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণ বসবাসরত লোকজনকে সরিয়ে আনার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা ঘর-বাড়ি ছেড়ে সেখান থেকে উঠতে চায় না। ভারী বর্ষণ হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’