সীতাকুণ্ড উপজেলার ২৩টি হাটবাজারে নিয়মিত পশু জবাই হয়। কিন্তু কোথাও অনুমোদিত কসাইখানা নেই। ফলে সড়কের পাশে ও বাজারের জনাকীর্ণ স্থানে চলছে পশু জবাই। জবাইয়ের পর পরিষ্কার করা হয় না রক্ত ও বর্জ্য। এসব থেকে দুর্গন্ধ ছড়িয়ে দূষিত হচ্ছে পরিবেশ। ছড়াচ্ছে নানা রোগব্যাধি। সরেজমিনে কুমিরা হাটে গিয়ে দেখা যায়, সড়কের পাশেই গরু জবাই করা হচ্ছে। আগে জবাই করা পশুর রক্তের ওপর চলছে আরেকটির জবাই। পাশের ভাটিয়ারি বাজারেও দেখা যায় একই অবস্থা। এমনকি পৌর সদরের বাজারেও পশু জবাই হচ্ছে খোলা আকাশের নিচে। জানা যায়, পৌরসদরের নুনাছড়া এলাকায় একটি কসাইখানা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের সময় এটি ভেঙে ফেলা হয়। এরপর আর নতুন করে কসাইখানা নির্মাণ করা হয়নি।কুমিরা বাজারের মাংস ব্যবসায়ী আবদুর রহমান বলেন, ‘সীতাকুণ্ডে প্রতিদিন কমপক্ষে ১০০টি পশু জবাই করা হয়। মাংস ব্যবসায়ীদের পক্ষ থেকে কসাইখানা নির্মাণের জন্য বারবার বলা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। আমাদের কী করার আছে?’ পৌর চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘নুনাছড়ার কসাইখানাটি ভেঙে ফেলায় সাময়িক অসুবিধা হচ্ছে। তবে দুই মাসের মধ্যে নতুন কসাইখানা নির্মাণ করা হবে।’ এ প্রসঙ্গে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমদ বলেন, ‘যাঁরা হাট ইজারা নেন তাঁদেরই বিষয়টি দেখভাল করার কথা। সবেমাত্র নির্বাচিত হয়ে এসেছি। ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন হারুনুর রশীদ বলেন, ‘নিয়ম অনুযায়ী প্রাণিসম্পদ বিভাগের ছাড়পত্র নেওয়ার পর পশু জবাই করতে হবে। কিন্তু কোনো বাজারের মাংস ব্যবসায়ীরা তা মানছেন না। পৌর ও ইউপি কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসন আন্তরিক হলে অসুস্থ পশুর মাংস বিক্রি ও যত্রতত্র পশু জবাই বন্ধ করা সম্ভব হবে।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা আবু তাহের বলেন, ‘পশুর জবাই করা রক্ত ও বর্জ্য ঠিকমতো পরিষ্কার না হওয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। এতে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।’ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাহাবউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইনে স্বাস্থ্যসম্মত জবাইখানায় পশু জবাইয়ের কথা বলা হয়েছে। কিন্তু প্রাণিসম্পদ বিভাগের এ আইন প্রয়োগ করার ক্ষমতা নেই। স্থানীয় প্রশাসন সহায়তা দিলে একটা কার্যকর ব্যবস্থা নেওয়া যেতে পারে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ বলেন, ‘যত্রতত্র পশু জবাইয়ের কারণে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। কিন্তু হাটবাজারগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে। তাই স্বাস্থ্যসম্মত জবাইখানা তাদেরই নির্মাণ করার কথা।’