সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা ২৭ ফেব্রুয়ারি শুরু
সীতাকুণ্ডে তিন দিনব্যাপী শিব চতুর্দশী মেলা শুরু হচ্ছে ২৭ ফেব্রুয়ারি। এ উপলক্ষে মেলার কার্যকরী কমিটির প্রস্তুতি সভা গত শনিবার বেলা তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ শাহীন ইমরান। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র শফিউল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ও বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দীন।
মুহম্মদ শাহীন ইমরান বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এটিই সবচেয়ে বড় মেলা। প্রতিবছর শিব চতুর্দশী মেলায় ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ পৃথিবীর বিভিন্ন দেশের সাধু-সন্ন্যাসী ও ধর্মপ্রাণ মানুষ আসেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও উচ্চপর্যায়ের কর্মকর্তারাও আসেন মেলায়। প্রতিবছর প্রায় আট থেকে ১০ লাখ লোকের সমাগম হয়।