সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলা শুরু হচ্ছে আজ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডে আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা। এ উপলক্ষে সীতাকুণ্ড স্রাইন কমিটির উদ্যোগে বিশ্ব বৈদিক সম্মেলন, মহাতীর্থ পদক ও ঋষি সমাবেশসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সীতাকুণ্ড শংকর মঠ, রামকৃষ্ণ সেবাশ্রম, লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম, জগন্নাথ সেবাশ্রমসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন গীতাযজ্ঞ, নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মূল মেলা তিন দিন (১১-১৩ ফেব্রুয়ারি) হলেও প্রায় ১৫ দিন পর্যন্ত এই মেলা চলবে। প্রতি বছর এ মেলা চলাকালে সময় সীতাকুণ্ডের চন্দ্রনাথ দর্শনের জন্য ভারত, নেপাল, শ্রীলংকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। তবে এবার সড়কের দুরবস্থার কারণে মেলায় আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হবে বলে অনেকে আশঙ্কা করছেন। সরেজমিনে দেখা যায়, চন্দ্রনাথ মন্দিরে যাওয়ার প্রায় তিন কিলোমিটার রাস্তাটি বিভিন্ন স্থানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চন্দ্রনাথ পাদদেশের প্রধান রাস্তার ২ নম্বর পুল নামক স্থানে দুই-তৃতীয়াংশ ভেঙে গেছে। কর্তৃপক্ষ স্থায়ীভাবে সংস্কার না করে বাঁশের নলি দিয়ে কোনো রকমে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছে। পাদদেশ থেকে প্রায় এক হাজার ৩০০ ফুট ওপরে চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে দেখা যায়, মন্দিরে ওঠার প্রায় আট সহস্রাধিক সিঁড়ির অবস্থা খুবই নাজুক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বেপরোয়া পাথর তোলার ফলে পাহাড়ের টিলায় নির্মিত বিরূপাক্ষ মন্দিরটিও যেকোনো সময় বিধ্বস্ত হতে পারে। সীতাকুণ্ড স্রাইন (তীর্থ) পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী প্রথম আলোকে জানান, চন্দ্রনাথ ধামের অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে চট্টগ্রাম সিটি মেয়রের উদ্যোগে ৮৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মন্দিরে ওঠার সিঁড়িগুলো প্রাথমিকভাবে সংস্কার করা হয়েছে। মেলার পরেই এগুলো পুরোদমে সংস্কারের কাজ চলবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শিবচতুর্দশী উত্সব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ২৫০ জন পুলিশ থাকবে। এ ছাড়া চন্দ্রনাথ স্বেচ্ছাসেবক সমিতির প্রায় শতাধিক কর্মী তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। শাস্ত্রীয় পালাগান, কীর্তন ছাড়া মেলায় যাত্রাগান, সার্কাস, পুতুলনাচসহ বিনোদনধর্মী কোনো অনুষ্ঠান হবে না। সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী প্রথম আলোকে জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন শিবচতুদর্শী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের সুবিধার্থে আলোকসজ্জা, পানীয়জল সরবরাহ, চিকিত্সা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থাসহ তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা করেছে। এ ছাড়া মেলা উপলক্ষে যাত্রীদের আসা-যাওয়ার জন্য কয়েকটি বিশেষ ট্রেন থাকবে। মেলার কার্যকরী কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, সনাতন সমপ্রদায়ের লোকজন যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় কাজ সম্পন্ন করতে পারেন সেদিকে দৃষ্টি থাকবে।