সীতাকুণ্ডে শিমগাছে মড়ক
সীতাকুণ্ডের উপকূলীয় এলাকার প্রায় পাঁচ শ হেক্টর জমির শিমগাছে মড়ক লেগেছে। বিছা ও ধলে পোকার আক্রমণে গাছগুলো হলুদ রং ধারণ করেছে। ডালপালা শুকিয়ে গেছে, ঝরে পড়ছে পাতা। লবণাক্ততার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে উপজেলা কৃষি বিভাগ। সূত্র জানায়, উপকূলীয় এলাকায় কৃষি জমিতে লবণাক্ততা দিন দিন বাড়ছে। মুরাদপুর, বাঁশবাড়িয়া, কুমিরা ও সৈয়দপুর ইউনিয়নের উপকূলীয় এলাকার প্রায় আট শ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। এর মধ্যে প্রায় চার ভাগের এক ভাগ জমিতে লবণাক্ততা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। লবণাক্ত জমিতে বিছা ও ধলে পোকার বিচরণ বেশি হয় এবং এতে ফলন কম হয়। এ অবস্থায় লোকসানের আশঙ্কায় হতাশা দেখা দিয়েছে কৃষকদের মধ্যে। তবে লোকসানের সঠিক পরিমাণ সম্পর্কে কোনো রকম তথ্য নেই কৃষি বিভাগের কাছে।মুরাদপুর ইউনিয়নের বশরতনগর এলাকার কৃষক জয়নাল আবেদিন জানান, তিনি এবার ২৬০ শতক জমিতে শিমের চাষ করেছেন। এতে খরচ পড়েছে প্রায় ৩০ হাজার টাকা। কিন্তু পাতা হলদে রং ধারণ করে সব গাছ মরে যাচ্ছে। এতে খরচের পুরো টাকাই লোকসান হবে বলে জানান তিনি। জানা যায়, একই অবস্থা এলাকার শতাধিক কৃষকের। উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, উপকূলীয় এলাকায় লবণ প্রধানত দুইভাবে ছড়াচ্ছে। মার্চ ও এপ্রিলে জোয়ারের পানি এসে এলাকার যেসব আবাদি জমি তলিয়ে যায়, সেসব মাটিতে লবণ ছড়িয়ে পড়ে। এসব জমির পানি সেচের কাজে ব্যবহার করলে জমির মাটিও লবণাক্ত হয়ে যায়। আবার ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি-মার্চে জমি শুকিয়ে যায়। এ সময় মাটির ক্যাপিলারি পোর দিয়ে ভূগর্ভের লবণাক্ত পানি মাটির ওপরে চলে আসে। ওপরে আসার পর পানি রোদের তাপে বাষ্প হয়ে উড়ে যায়, লবণ জমাটবদ্ধ হয়ে থাকে। আর লবণাক্ত মাটিতে বিছা ও ধলে পোকার বিচরণ বেশি হয়। কিন্তু এ ব্যাপারে করার তেমন কিছু নেই বলে তিনি মন্তব্য করেন।