সীতাকুণ্ডে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড উপজেলার নয় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। চায়ের আড্ডা কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার কথা জানাচ্ছেন। ভোটের উত্তেজনা ছড়িয়ে পড়েছে সাধারণ ভোটারদের মধ্যেও। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নয়টি ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালের ২৬ ফেব্রুয়ারি। নয় ইউনিয়নে ভোটারসংখ্যা দুই লাখ ১২ হাজার ৭৫৫ জন। ভোটকেন্দ্র ৮৭টি। মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ১২ মে, মনোনয়নপত্র বাছাই ১৪ ও ১৫ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন।উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা জানান, প্রতিটি ইউনিয়নে দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে একক প্রার্থীকে সমর্থন জানানো হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ এ বি এম আবুল কাশেম প্রথম আলোকে বলেন, ‘এটি একটি নির্দলীয় নির্বাচন। তবে নির্বাচন নিয়ে দলের মধ্যে যাতে বিভেদ তৈরি না হয় সে কারণে প্রতিটি ইউনিয়নে একজনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।’ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরীও একই কথা বলেন। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে একজন প্রার্থীকেই দলের পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে।১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান ও মাহবুবুল হক।২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান রেহানউদ্দিন রেহান ও থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।৪ নম্বর মুরাদপুর ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান গোফরান বাহার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রেজাউল করিম ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলমের নাম শোনা যাচ্ছে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে। ৫ নম্বর বাড়বকুণ্ড ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন, তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মহসিন জাহাঙ্গীর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাদাকাত উল্লাহ মিয়াজী। ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আজিজুল হক এবার নির্বাচন করছেন না। সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে উপজেলা ছাত্রলীগের সভাপতি শওকত আলী জাহাঙ্গীর ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিনের নাম।৭ নম্বর কুমিরা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন—বর্তমান চেয়ারম্যান জাসদ নেতা আ ফ ম মফিজুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বিএনপির সাধারণ সম্পাদক নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ ও আওয়ামী লীগের নেতা মোতাহের হোসেন সিদ্দিকী চেয়ারম্যান পদপ্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছে।৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইছহাক এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শওকত ইকবাল হোসেন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ারের নামও প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে। ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কবির হোসেন গতবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন। কিছুদিন আগে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এবার এ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন তিনি। অপর দিকে আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিনের নামও শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে।