সীতাকুণ্ডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড পৌর এলাকার কলেজ সড়কের দুই পাশে লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত নালাগুলো সীতাকুণ্ড পৌরবাসীর কোনো কাজে আসছে না। বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় বিভিন্ন এলাকায় নালার পাশে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দুর্গন্ধ ও মশার উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। অপরিকল্পিতভাবে নালাগুলো নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে পৌরবাসীর অভিযোগ। পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, জোট সরকারের ২০০১-০২ থেকে ২০০৫-০৬ অর্থবছরে পৌরসভার নয়টি ওয়ার্ড উন্নয়ন প্রকল্পের আওতায় সাড়ে পাঁচ কিলোমিটার পাকা নালা নির্মাণ করা হয়। এতে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করা হয়। এরপর গত পাঁচ বছরে নালাগুলোর সংস্কার বা নতুন কোনো নালা নির্মাণ করা হয়নি।পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পৌরসভার নালাগুলো নির্মাণে পরিকল্পনার অভাব ছিল। উঁচু এলাকায় গভীর ও নিচু এলাকায় অগভীরভাবে নালা নির্মাণ করা হয়েছে। এতে বৃষ্টি হলে নালার পানিতে কোনো প্রবাহ সৃষ্টি হয় না। নালায় সার্বক্ষণিক পানি জমে থাকায় পচা-দুর্গন্ধ, পৌর এলাকায় মশা-মাছির উৎপাত বেড়েছে। গত কয়েক দিনের বৃষ্টিতে নালার পানি রাস্তার উপরে উঠে কলেজ রোডে স্থায়ী জলাবদ্ধতার আকার ধারণ করেছে। সীতাকুণ্ড পৌরসভার সবচেয়ে বড় বিপণিবিতান উপজেলা সুপার মাকের্ট, ন্যাশনাল মার্কেটসহ সড়কের দুই পাশে অবস্থিত ব্যবসা-প্রতিষ্ঠানে বৃষ্টির পানি ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। পৌরবাসীর অভিযোগ, ঠিকাদাররা নিম্নমানের ইট, সুরকি, বালু ব্যবহার করায় অনেক নালা এক বছর না যেতেই ভেঙে অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া বেশির ভাগ নালাই ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেলেও তা পরিষ্কারে পৌর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখা যায়নি। কলেজ রোডের ব্যবসায়ী আবুল কালাম জানান, ‘নালার সার্বক্ষণিক পানি জমে থাকায় পচা-দুর্গন্ধে দোকানে বসা যায় না। নিম্নমানের কাজের জন্য তৎকালীন পৌর চেয়ারম্যানকে অভিযোগ করা হয়েছিল। কিন্তু কাজ হয়নি।’ পৌরসভার ঠিকাদার মো. জহুরুল আলম জানান, ‘জোট সরকারের আমলে অদক্ষ ঠিকাদার দিয়ে নালার কাজ করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। কাজের নামে লুটপাট হয়েছে বেশি। কোনো কোনো জায়গায় নালার প্রস্থ এক ফুট আবার কোনো জায়গায় প্রস্থ দুই ফুট রাখা হয়েছে। যার কারণে সঠিকভাবে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে।’ পৌরসভার সহকারী প্রকৌশলী নুরুন নবী জানালেন, ‘আমি এ পৌরসভায় যোগদান করার আগেই নালাগুলো নির্মাণ করা হয়েছে। নালাগুলো নির্মাণকালে পৌর কর্তৃপক্ষ তেমন তদারকি করেনি। নালাগুলোর পানি চলাচলে প্রয়োজনমাফিক ঢালু না করায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তা ছাড়া নালার পানি কোথায় যাবে তার কোনো ব্যবস্থা ছিল না।’পৌর মেয়র নায়েক (অব.) শফিউল আলম জানান, ‘নালাগুলো সঠিক পরিকল্পনায় নির্মাণ করা হয়নি। তবে পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ভ্যান-গাড়িতে করে ময়লা-আবর্জনা নিয়মিত তুলে নিয়ে যান। স্থানীয় ব্যবসায়ীরা নালার উপরের অংশে অপরিকল্পিতভাবে স্ল্যাভ দিয়ে ঢেকে রাখার কারণে এ ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া সংস্কার ও নতুন নালা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।’