সীতাকুণ্ডে ২০ স্থানে পাহাড় কাটা চলছে
সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে পাহাড় কাটা চলছে। সলিমপুর থেকে বাড়বকুণ্ড পর্যন্ত কমপক্ষে ২০টি জায়গা থেকে পাহাড় কাটা হচ্ছে বলে জানা গেছে। এসব পাহাড় কাটা মাটি ব্যবহার করা হচ্ছে বিভিন্ন শিল্পকারখানা, ইটভাটা, আবাসন প্রকল্প এবং জলাশয় ভরাটের কাজে। সংশ্লিষ্ট প্রকল্প মালিকেরা আড়ালে থেকে ঠিকাদারের মাধ্যমে প্রশাসনের লোকজনের যোগসাজসে এসব মাটি কিনে নিচ্ছেন।অনুসন্ধানে জানা যায়, উপজেলার বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, বারআউলিয়া, জোড়ামতল ইসলামী বিশ্ববিদ্যালয়, কদমরসুল, ভাটিয়ারী, ফকিরহাট, বাংলাবাজার, ফৌজদারহাট পোর্টলিংয়ের পাশে, সলিমপুর সিডিএ আবাসিক এলাকা ও বাড়বকুণ্ড এসকেএম জুট মিল সংলগ্ন এলাকার ২০টি জায়গা থেকে পাহাড় কাটা চলছে। বুলডোজার দিয়ে কাটা এসব পাহাড়ি মাটি ইট ভাটার পাশাপাশি জলাশয় বা নিচু জমি ভরাটের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কোনো কোনো ইটভাটায় স্থায়ীভাবে বুলডোজার রাখা হয়েছে মাটি কাটার জন্য। ভাটিয়ারী-হাটহাজারি সংযোগ সড়কের কাছের একটি পাহাড় থেকে মাটি কাটার কাজে নিয়োজিত ঠিকাদার দিদারুল আলম জানান, এসব মাটি একটি শিপ ইয়ার্ডের জন্য নিয়ে যাওয়া হয়। তবে তিনি শিপ ইয়ার্ডের নাম বলতে রাজি হননি। কুমিরা ডাল-চাল মিয়া মাজারসংলগ্ন এলাকার একটি ইটভাটা এবং পাশের একটি আবাসন প্রকল্পের জন্য কয়েক বছর ধরে মাটি কাটা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কুমিরার এক বাসিন্দা জানান, ওই ইটভাটাটি চারদলীয় জোট সরকারের আমল থেকেই পাহাড় কেটে ইট তৈরি শুরু করে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেনাবাহিনীর ভয়ে পাহাড় কাটা বন্ধ থাকলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা পুনরায় শুরু হয়। কুমিরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের পেছনে একটি ইট তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, কারখানার পেছনে পাহাড়ি এলাকার অধিকাংশ টিলা কেটে সমতল করে ফেলা হয়েছে। কারখানার নিরাপত্তা কর্মকর্তা নুরুল কবির জানান, ‘ইট তৈরির জন্য আগে পাহাড় কাটা হলেও বর্তমানে তা হচ্ছে না। ঠিকাদারেরা মাটি সর্বরাহ করেন।’ বাড়বকুণ্ড, ভাটিয়ারী, ফৌজদারহাট ও সলিমপুর এলাকায় ১৩টি ইটভাটার কোনোটি গড়ে উঠেছে পাহাড় কেটে। আবার কোনোটি পাহাড়ের পাদদেশে গড়ে ওঠায় সেখানে নিয়মিত পাহাড় কাটা চলে। জোড়ামতল ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় একটি আবাসন প্রকল্প গড়ে উঠেছে পাহাড় কেটে।কুমিরা ইউনিয়ন পরিষদের সদস্য মনোয়ারা বেগম বলেন, ‘এলাকায় পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। আমি নিজে বহুবার বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।’ কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান বলেন, ‘ছোট কুমিরায় স্থানীয় প্রভাবশালীরা প্রতিদিন পাহাড় কেটে অবৈধভাবে বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করছেন। পাহাড় নিধনকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।’ কারও সঙ্গে যোগসাজস করে পাহাড় কাটার ব্যাপারে সহায়তা করার কথা অস্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, ‘পাহাড় কাটার ব্যাপারে অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্প্রতি পাহাড় কাটার সময় জঙ্গল সলিমপুর থেকে বুলডোজারসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘এখানে পাহাড় কেটে যেসব আবাসন প্রতিষ্ঠান, ইটভাটা এবং বিভিন্ন স্থাপনা নির্মাণ হচ্ছে এর বেশিরভাগই অবৈধ। কিছুদিন আগে আমি কয়েকটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছি। এরপরও যাঁরা এসব অপকর্ম করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরে তালিকা পাঠানো হয়েছে।’পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘পাহাড়কাটা সম্পূর্ণ বেআইনি। ইতিমধ্যে পাহাড় কাটার অভিযোগে সীতাকুণ্ডের পাঁচটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’