সীতাকুণ্ডে ৮ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে সীতাকুণ্ডের সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। নিম্নচাপের প্রভাবে সাগরের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ফুট বেড়েছে। উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ঢুকছে জেয়ারের পানি। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, গত বুধ ও বৃহস্পতিবার তাঁর ইউনিয়নের প্রায় ১৪ কিলোমিটার বেড়িবাঁধের চারটি ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চৌধুরীপাড়া, জমাদারপাড়া, বোয়ালিয়াকুল জেলেপাড়া, আকিলপুর, নাথপাড়া, বাঁশবাড়িয়া জেলেপাড়া এবং বোয়ালিয়াকুল গ্রামে বন্যা দেখা দেয়। প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে দেড় শতাধিক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩০টি চিংড়িঘের ভেসে গেছে। অনেক জমির আউশ ধান ও আমনের বীজতলা ডুবে গেছে। জোয়ারের পানি ঢুকে বাঁশবাড়িয়া ইউনিয়নের সাত গ্রামের প্রায় ৬৫০ একর জমির আউশ ধান এবং আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে। জমাদারপাড়ার কৃষক জয়নাল আবেদিন জানান, ‘বুধ ও বৃহস্পতিবার প্রচুর বৃষ্টি হয়েছে। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে তাঁর দুই একর জমির আউশ ধানের চারা এবং দেড় মণ আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। বোয়ালিয়াকূল এলাকার উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, ‘ভারী বর্ষণ ও জোয়ারের পানি ঢোকায় আউশ ধানের চারা ও বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত পানি না সরলে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে আমন চাষ বিলম্বিত হতে পারে।’পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় ফুট বেড়ে তা বেড়িবাঁধ উপচে গ্রামে ঢুকে পড়েছে। এসব বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হলেও সাড়া নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ জানান, ‘উপকূলীয় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। বিধ্বস্ত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’