সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুলের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সংস্কার হয়নি ২০ বছরেও। ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এ বাঁধ ভেঙে যায়। চার বছর ধরে বর্ষা মৌসুমে ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে। আসন্ন বর্ষার আগে বাঁধ সংস্কার না হলে ওই ইউনিয়নের আট গ্রাম প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। লবণাক্ততার আশঙ্কায় প্রায় এক হাজার একর ফসলি জমি অনাবাদি পড়ে আছে। বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক জানান, সীতাকুণ্ডের উপক"লীয় এলাকার মানুষকে রক্ষায় ১৯৮৭-৮৮ অর্থবছরে প্রায় চার কোটি টাকা ব্যয়ে ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বাঁধের ব্যাপক ক্ষতি হয়। গত ২০ বছরে বাঁধের আর সংস্কার হয়নি। চার বছর ধরে ভাঙা অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকছে চৌধুরীপাড়া, জমাদারপাড়া, বোয়ালিয়াকুল জেলেপাড়া, আকিলপুর, নাথপাড়া, বাঁশবাড়িয়া জেলেপাড়া ও বোয়ালিয়াকুল গ্রামে। গত বছরের এপ্রিলে চার-পাঁচ ফুট উচ্চতার প্লাবন হয় গ্রামে। এতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় ৫০টি চিংড়িঘের ও প্রায় চার শতাধিক বাড়ি। পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, '১৫ কিলোমিটার বেড়িবাঁধ সংসড়ারের জন্য একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেড়িবাঁধ রক্ষায় ইতিমধ্যে কয়েক দফা রিং বাঁধ দেওয়া হয়েছে।’বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য জাহানারা বেগম জানান, 'সাগরে ভরা কাটালের সময় গ্রামের লোকজন আতঙ্কে থাকেন।’আলেকদিয়া গ্রামের কৃষক জসিম উদ্দিন জানান, ‘গত মৌসুমে ২০ একর জমিতে আলু, টমেটো ও ঢ্যাঁড়স চাষ করে লোকসান দিতে হয়েছে। প্রায় ৪০ হাজার টাকা খরচ করে লাগানো চারা লবণাক্ততার কারণে মরে গেছে। বোরো ধানের চারাও শুকিয়ে মরে যাচ্ছে। লোকসানের কারণে এবার বেশির ভাগ জমিতে চাষ হয়নি।’বোয়ালিয়াকুলের মোরশেদ আলী ও নুর মোহাম্মদ অভিযোগ করেন, ‘গত বছরের ফেব্রুয়ারিতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিসি ব্লক ফেলে, তবে পুরো কাজ করেনি। বর্ষায় ওই অংশে তীব্র ভাঙন দেখা দেয়।’ জেলে নারায়ণ জলদাস জানান, ‘বর্ষায় স্রোতের তোড়ে বেড়িবাঁধসংলগ্ন জেলেপাড়া প্লাবিত হয়। ফলে জেলেদের দুর্ভোগের শেষ থাকে না।’ এ ব্যাপারে পাউবো সীতাকুণ্ড উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মফিজুর রহমান বলেন, ‘প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকায় ভাঙন রোধ করার জন্য সিসি ব্লক ফেলা হয়েছিল। কিন্তু বারবার ভাঙন ধরায় তা রোধ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার প্রতিবেদন দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ বলেন, ‘উপকূলীয় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। বিধ্বস্ত বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।’