সীতাকুণ্ডের পাঁচ কলেজে ফল বিপর্যয়ের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ড উপজেলার পাঁচটি কলেজের তিনটিতেই কম্পিউটার শিক্ষা বিষয়ের শিক্ষক নেই। বাকি দুটিতেও রয়েছে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক। তাই প্রতিটি কলেজে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কম্পিউটার ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়টি পড়ানো হচ্ছে। এতে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম্পিউটার শিক্ষা ও পরবর্তী পরীক্ষাগুলোতে আইসিটি বিষয়ে ফল বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার ২০১৩-১৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়টি আবশ্যিক বিষয় হিসেবে শিক্ষা কারিকুলামের অন্তর্ভুক্ত করে। অন্যদিকে প্রজ্ঞাপণ জারি করে কম্পিউটার বিষয়টি বিলুপ্ত ঘোষণা করা করা হয়। তবে এ বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। প্রজ্ঞাপণে বলা হয়, বিলুপ্ত কম্পিউটার শিক্ষা বিষয়ের প্রভাষকেরা আইসিটি বিষয়ে পাঠদান করবেন। বিষয়টি আবশ্যিক হওয়ায় এতে ফেল করলে ফলাফলে চরম বিপর্যয় হবে বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
সীতাকুণ্ড মহিলা কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীর অভিভাবক মাহমুদা বেগম প্রথম আলোকে বলেন, ‘কলেজটিতে দীর্ঘদিন ধরে আইসিটি বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিষয়ে পিছিয়ে পড়ছে। প্রাইভেটেও শিক্ষক পাওয়া যাচ্ছে না। ফলে ভালো ফলাফল করতে পারবে না ছেলেমেয়েরা। কলেজ কর্তৃপক্ষ বিষয়টিকে কেন গুরুত্ব দিচ্ছে না বুঝতে পারছি না।’
জানা যায়, উপজেলার পাঁচটি কলেজে একাদশ শ্রেণীতে দুই হাজার ২৯৩ জন ও দ্বাদশ শ্রেণীতে দুই হাজার ২৮০ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে একাদশ শ্রেণীর সবাই এবং দ্বাদশ শ্রেণীতে কম্পিউটার শিক্ষা বিষয়ে ৩০১ শিক্ষার্থী লেখাপড়া করছেন।
জানা যায়, উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ, লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ এবং সীতাকুণ্ড মহিলা কলেজে দীর্ঘদিন ধরে কম্পিউটার বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ ও বিজয়সরণি ডিগ্রি কলেজে ওই বিষয়ের একাধিক শাখা থাকলেও শিক্ষক রয়েছেন একজন করে।
লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রী নাম প্রকাশ না করে বলেন, ‘ক্লাস শুরুর পর থেকে গত পাঁচ মাসে আইসিটি বিষয়ের ক্লাস সাতটির বেশি হয়নি। প্রথম সাময়িক পরীক্ষাও হয়নি এখনো। তাই প্রশ্ন কেমন হবে বুঝতে পারছি না।’
শিক্ষকসংকটের কথা স্বীকার করে ওই কলেজের অধ্যক্ষ কাসানা আক্তার খানম বলেন, সাময়িক শিক্ষক দিয়ে ক্লাস চালানো হচ্ছে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকার যেন ওই বিষয়ের নিবন্ধন পরীক্ষা অন্তত শিথিল করে। একই কথা বললেন কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দীন।
সীতাকুণ্ড মহিলা কলেজের অধ্যক্ষ জরিনা আখতার বলেন, ‘শিক্ষক নিয়োগের জন্য বহুবার পত্রিকায় বিজ্ঞাপন দিলেও শিক্ষক মিলছে না। নিরুপায় হয়ে খণ্ডকালীন শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান চালিয়ে যাচ্ছি, যাতে শিক্ষার্থীরা বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান প্রথম আলোকে বলেন, ‘যাঁরা কম্পিউটার বিজ্ঞান কিংবা প্রকৌশল বিষয়ে পড়েন, তাঁরা শিক্ষকতা পেশায় আসতে চান না। তার ওপর ওই বিষয়ের প্রভাষক হতে নিবন্ধন পরীক্ষায় পাস করতে হয়। ফলে এ বিষয়ে শিক্ষকসংকট থেকে গেছে।’