সীতাকুণ্ডের পাহাড়ে জুমচাষ হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী
সীতাকুণ্ডের পাহাড়ে জুমচাষ বেড়েছে আশঙ্কাজনক হারে। প্রতিদিনই নতুন নতুন পাহাড়ে জুমচাষিরা আবাদ করায় দ্রুত ক্ষয় হচ্ছে পাহাড়। হারিয়ে যাচ্ছে পাহাড়ি গাছগাছালি ও বন্য প্রাণী।সীতাকুণ্ড বন বিভাগ সূত্রে জানা যায়, পাহাড়ে জুমচাষ বেআইনি। বন বিভাগের সংরক্ষিত বনে জুমচাষ না হলেও ব্যক্তিমালিকানাধীন পাহাড়ে হচ্ছে। বারইয়াঢালা বন বিভাগের বিট কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জুমচাষের কারণে নানা প্রজাতির গাছপালা ও বন্য প্রাণী হারিয়ে যাচ্ছে। বানর, ভালুক, মায়াহরিণ, মেছোবাঘ, বনমোরগ, বনরুইসহ বহু প্রজাতির বন্য প্রাণী বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।’বড় দারোগারহাট থেকে সলিমপুর পর্যন্ত উপজেলার ৩৭ কিলোমিটার এলাকায় কৃষিজমির পরিমাণ কমেছে গত এক দশকে। কৃষিজমিতে শিল্পকারখানা ও বসতবাড়ি গড়ে ওঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে পাহাড়ি ভূমির ওপর কৃষকদের নির্ভরতা বাড়ছে বলে স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, সীতাকুণ্ডের প্রায় অর্ধ লাখ মানুষ চাষাবাদের সঙ্গে জড়িত। তাদের মধ্যে বেশির ভাগ পাহাড়ি ভূমিতে চাষাবাদের ওপর নির্ভরশীল। তবে পাহাড়ে কতজন কৃষক চাষ করেন, তার সঠিক পরিসংখ্যান নেই কৃষি বিভাগের কাছে।সরেজমিনে উপজেলার বড় দারোগারহাট, ছোট দারোগারহাট, বাড়বকুণ্ড ও কুমিরা এলাকা ঘুরে দেখা গেছে, ব্যক্তিমালিকানাধীন কমবেশি সব পাহাড়ে জুমচাষ হচ্ছে। বিভিন্ন পাহাড়ে করলা, বরবটি, শসা, কাঁকরোল, পেঁপে, ঝিঙে, আদা, হলুদ প্রভৃতি চাষ হচ্ছে। বড় দারোগারহাটের চাষি রহমত আলী জানান, তিনি প্রায় ২০ বছর ধরে পাহাড়ে চাষ করছেন। করলা, ঝিঙে, কাঁকরোল, পেঁপে, লেবুসহ আরও কয়েক ধরনের সবজি ফলান তিনি। জুমচাষ ক্ষতিকর হলেও সমতলে কৃষিজমি না থাকায় বাধ্য হয়ে এ পদ্ধতি বেছে নিয়েছেন বলে তিনি জানালেন। একই যুক্তি দেখালেন বেশির ভাগ চাষি। তাঁদের মতে, জুমচাষ পাহাড়ের ক্ষতি করলেও সীতাকুণ্ডের সিংহভাগ ফসল পাহাড় থেকেই আসে। উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম জানান, উপজেলায় ১০ হাজারেরও বেশি চাষি জুমচাষ করেন। এতে পাহাড় ক্ষয়ে ধসে পড়ার আশঙ্কা থাকে।