সীতাকুণ্ডের বাজারে মাছের আকাল
সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিল ও পুকুর প্রায় শুকিয়ে গেছে। এ কারণে বাজারে মাছের আকাল দেখা দিয়েছে। চার-পাঁচ প্রজাতির মাছ পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি হচ্ছে।স্থানীয় মাছ ব্যবসায়ীরা উপজেলার বিভিন্ন এলাকায় পুকুরে চাষ করা পাঙাশ মাছ এনে বিভিন্ন বাজারে বিক্রি করলেও দাম বেশি হওয়ায় তা-ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।উপকূলীয় এলাকার ভাটেরখীল গ্রামের ইদ্রিস মিয়া বলেন, ‘এখানকার অধিকাংশ পুকুরের পানি সেচে ইজারাদারেরা মাছ ধরে ফেলেন। এতে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ ছাড়া অনেক পুকুর দীর্ঘদিন ধরে খনন বা সংস্কার না করায় ধীরে ধীরে ভরাট হয়ে যাচ্ছে। এতে বিভিন্ন প্রজাতির দেশি মাছ আগের মতো উৎপাদন হচ্ছে না। হামিদউল্যাহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষক জহিরুল আলম বলেন, ‘এমনিতেই অল্প বেতন পাই। মাছ কিনতে গেলে মনে হয় যেন মাছের বাজারে আগুন লেগেছে। প্রতিকেজি পাঙ্গাশ মাছ কিনতে হয় ৮০-৯০ টাকা দরে। ছেলেমেয়েদের বায়নার কথা বিবেচনা করে সপ্তাহে এক দিন মাছ কিনি।’ শুধু তিনিই নন, অনেক ক্রেতাই মাছের বাজারে এসে দীর্ঘশ্বাস ফেলছে। রিকশাচালক নুরুল হক বলেন, ‘সারা দিন রিকশা চালিয়ে ৮০-৯০ টাকা পাই। মন চায় মাছ কিনে পেট ভইরা খাইতে, কিন্তু অহন দামের কারণে মাছ বাজারে যাইতেই ইচ্ছা অয় না।’ কুমিরা জেলেপাড়ার রবীন্দ্র জলদাস ও হীরালাল জলদাস বলেন, ‘খাল-বিলে পানি নেই, পুকুরও সব শুকাইয়া গেছে। কী আর করমু, বাঁচতে তো হবে। তাই অহন মাছ ধরা বাদ দিয়া দৈনিক বদলা দিচ্ছি।’ সীতাকুণ্ড পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদিন জানান, দূর-দূরান্ত থেকে মাছ আনতে গিয়ে পরিবহন খরচ বেশি পড়ে। তাই বেশি দামে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় থাকে না। উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস বাজারে মাছের অভাবের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘খাল, বিল, পুকুরগুলোতে পানি কম থাকায় মাছের চরম আকাল দেখা দিয়েছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’