সীতাকুণ্ডের শিবপুরে স্থায়ী সমস্যা জলাবদ্ধতা
সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকায় জলাবদ্ধতা স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার অপ্রতুলতা ও পাশের বসরতনগর স্লুইসগেট অকেজো হয়ে পড়ায় সামান্য বৃষ্টিতেই এলাকার সড়ক ও বসতবাড়িতে জলাবদ্ধতা দেখা দেয়। এতে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের।সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড শিবপুর এলাকা। এখানে প্রায় ১৫ হাজার মানুষের বাস। এটি কৃষিসমৃদ্ধ এলাকা হওয়ায় সীতাকুণ্ড পৌর এলাকায় উৎপাদিত ফসলের একটি বিরাট অংশ আসে এখান থেকে। যুগের পর যুগ এভাবেই শিবপুরের চাষিরা কৃষিতে অবদান রেখে আসছে। অথচ গত কয়েক বছর ধরে এখানে স্থায়ী জলাবদ্ধতা দেখা দেওয়ায় ফসলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি দীর্ঘসময় পানি জমে থাকায় এলাকার সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। সরেজমিনে শিবপুর এলাকা ঘুরে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে গেছে। বাড়ি-ঘরে পানি ঢুকছে। গ্রামের বাসিন্দা রফিক উদ্দিন (৩৪) ও মো. আলাউদ্দিন (২৮) জানান, জলাবদ্ধতা এলাকাবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বর্ষায় এখানে প্রচুর ফসলহানি হচ্ছে। এতে বহু কৃষক নিঃস্ব হয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দীর্ঘদিনেও বসরতনগর খালটি সংস্কার হয়নি। খালের ওপরে থাকা স্লুইসগেটটি অকেজো হয়ে পড়েছে কয়েকবছর আগে। এ নিয়েও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই। আর শিবপুর গ্রাম থেকে বসরতনগর খালটি মাত্র আধা কিলোমিটার দূরে হলেও খালের সঙ্গে এ গ্রামের কোনো পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি নামতে পারে না। এ বিষয়ে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র জুলফিকার আলী বলেন, ‘এখানে জলাবদ্ধতা যে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে তা অস্বীকার করার উপায় নেই।’ তিনি জানান বিষয়টি পৌর মেয়র শফিউল আলম ও স্থানীয় সংসদ সদস্য এ বি এম আবুল কাশেমকে জানানো হয়েছে। পৌর মেয়র শফিউল আলম জানান, ইতিমধ্যে পৌর প্রকৌশলী পয়োনিষ্কাশন সমস্যা সমাধানে প্রায় ৫০ লাখ টাকা খরচ হতে পারে বলে ধারণা দিয়েছেন। তিনি আগামী বছরের মধ্যেই এ সমস্যা সমাধানের মধ্য দিয়ে এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তির আশ্বাস দেন।