সীতাকুণ্ডের শিম ফলবে দেশের সবখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের দুই জাতের শিম ছুরি ও বাটার কদর আছে দেশজুড়ে। তবে এখন সুস্বাদু এই দুই জাতের শিম কেবল সীতাকুণ্ডে নয়, ফলবে সারা দেশেই। সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বারি-৭ ও বারি-৮ নামে বীজ দুটি বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলম পাটওয়ারী প্রথম আলোকে বলেন, তিন বছর ধরে গবেষণা করে দেখা গেছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিভিন্ন জাতের শিম থেকেও সীতাকুণ্ডের ছুরি ও বাটার ফলন বেশি হয়। বাটা জাতের শিমের ফলন প্রতি হেক্টরে ২১ টন ও ছুরি শিমের ফলন হয় ২২ টন। অপর দিকে, বারি জাতের শিমের ফলন হয় ২০ টন।
এই দুই জাতের শিম থেকে বিচিও পাওয়া যায় বেশি। ১০০ কেজি ছুরি শিম থেকে ৫০ কেজি ও বাটা শিম থেকে ৫৪ কেজি বিচি পাওয়া যায়। এই দুই জাতের শিম চাষ করে কৃষকেরা বাণিজ্যিকভাবে লাভবান হতে পারেন বলে মনে করছেন গবেষকেরা।
গত সোমবার চট্টগ্রামের পাহাড়তলী কৃষি গবেষণা ইনস্টিটিউটে সরেজমিনে দেখা গেছে, ছুরি, বাটা ও বারি শিমের জন্য আলাদা আলাদা প্লট তৈরি করে পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে। প্রত্যেক জমিতে সমান সার প্রয়োগ করা হয়েছে। বাটা ও ছুরি শিমগাছে ফলন এসেছে কয়েক মাস আগে। আর বারি শিম মাত্র ধরতে শুরু করেছে।
ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ দুজাতের শিমের আগাম ফলন পাওয়া যায়। অনেক ক্ষেত্রে বারি জাতের শিমের চেয়েও ওই দুটি শিমের ফলন অন্তত ৩০ দিন আগে আসে। এ ছাড়া জাত দুটি পোকামাকড় সহনশীল।
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা তারিক মাহমুদুল ইসলাম বলেন, সাধারণ কৃষক থেকে শুরু করে কৃষি বিভাগ পর্যন্ত সংশ্লিষ্ট সবার অক্লান্ত পরিশ্রমের কারণে উপজেলায় শিম চাষে সাফল্য এসেছে। ঠিকভাবে সার ও ওষুধের ব্যবহার করতে পারলে ফলন ভালো হয়। আগাম ফলনের কারণে দেশের বড় বড় শহরেও সীতাকুণ্ডের শিমের চাহিদা রয়েছে। দেশের সর্বত্র এই শিমের চাষ হলে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।
সীতাকুণ্ডের নুনাছড়া এলাকার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘এখানকার শিম সারা দেশে চাষ হবে, এটাই আমাদের জন্য সুসংবাদ।’