সীতাকুণ্ডের সবজিচাষিরা ফড়িয়াদের কাছে জিম্মি
সীতাকুণ্ড পৌরসভাসহ তিন ইউনিয়নের সবজিচাষিরা এখন ফড়িয়াদের কাছে জিম্মি। ভরমৌসুমে উত্পাদিত সবজির ন্যায্যমূল্য না পেয়ে তারা এখন হতাশ। উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রয়েছে কুমিরা বাজার, বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলালহাট, পৌরসদরের মোহন্তেরহাট ও বারৈয়াঢালা ইউনিয়নের বড় দারোগারহাট পাইকারি সবজিবাজার। এসব বাজারে সপ্তাহে তিন দিন হাট বসে। উপজেলার বিভিন্ন স্থান থেকে কৃষকেরা পাইকারি বেচার জন্য উত্পাদিত সবজি নিয়ে আসেন হাটগুলোতে। সরেজমিনে বারৈয়াঢালা ইউনিয়নের বড় দারোগারহাট বাজারে দেখা যায়, প্রায় অর্ধশতাধিক ভ্যান আর ১০টির মতো ভটভটি গাড়িতে করে চালকুমড়া, বরবটি, মিষ্টিকুমড়া, বেগুন, শসা, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শিম, টমেটো, পালংশাক, লালশাকসহ বিভিন্ন সবজি নিয়ে কৃষকেরা বড় দারোগারহাট পাইকারি বাজারে এসেছেন। পাইকারি ক্রেতারা সবজি কিনে মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানে বোঝাই করছেন। ওই সময় নগরের রিয়াজউদ্দিন বাজারের পাইকারি ক্রেতা জয়নাল আবেদিন দাবি করেন, ‘আমরা ন্যায্যমূল্যে সবজি কিনি। পরিবহনসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে বাজারে বিক্রির সময় আমাদের বেশি লাভ থাকে না।’ একই কথা বলেন, নুরুল ইসলাম, দিদারুল আলমসহ কয়েকজন পাইকারি ক্রেতা। ১৫ জানুয়ারি সীতাকুণ্ড পৌরসদরের মোহন্তহাটে দেখা গেছে, শীতকালীন শিম কৃষকদের কাছ থেকে পাইকারেরা কিনছেন প্রতিকেজি ১২ টাকা করে। অথচ খুচরা বাজারে শিম বিক্রি হচ্ছে ৩০ টাকায়। বরবটি প্রতিকেজি কিনছেন ১৬ টাকায়, খুচরা বিক্রি হচ্ছে ২৮ টাকায়। শীতকালীন প্রতিটি সবজি পাইকারেরা কমদামে কিনে নিচ্ছেন। বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেহান উদ্দিন প্রথম আলোকে জানান, ‘পাইকারচক্রের কারণে কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর লাভবান হচ্ছেন মধ্যস্বত্বভোগীরা।’