সীতাকুণ্ডের স্বল্প আয়ের মানুষের নাভিশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা হরতাল-অবরোধে বন্ধ রয়েছে দূরপাল্লার বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যোগাযোগব্যবস্থা স্থবির হয়ে পড়ায় একমাত্র ভরসা এখন সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, নসিমন ও ভ্যানগাড়ি। তবে এসব যানবাহন স্বাভাবিকের চেয়ে দুই-তিন গুণ বেশি ভাড়া আদায় করায় বিপাকে পড়েছেন সীতাকুণ্ডের নিম্ন আয়ের লোকজন।
কর্মক্ষেত্রে যোগ দিতে নিয়মিত চট্টগ্রাম শহরে যাতায়ত করেন, এমন সব লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত এক মাসে কোনো কোনো ক্ষেত্রে যানবাহনের ভাড়া ৫ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়েছে। মহাসড়কে বাস, ট্রাকসহ বড় যানবাহন না চললেও সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহন চলছে। যাত্রী বেড়ে যাওয়ায় ভাড়াও বাড়িয়েছেন চালকেরা।
তবে যানবাহনের চালকেরা বলছেন, মহাসড়কে ক্রমবর্ধমান সহিংসতার কারণে গাড়ি চালাতে পারছেন না তাঁরা। এ কারণে অনিয়মিতভাবে গাড়ি বের করলে মালিকের ক্ষতি পুষিয়ে নিতে যাত্রীদের কাছ থেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
জানা গেছে, টানা অবরোধে মহাসড়কে বড় গাড়ির চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পণ্য উভয়ই পরিবহন করা হচ্ছে ছোট যানবাহনে। যাত্রী বেড়ে যাওয়ায় ভাড়াও বেড়েছে। যাত্রীদের অভিযোগ, প্রতি দেড় কিলোমিটারে কদিন আগেও সিএনজিচালিত অটোরিকশায় একজন যাত্রী ভাড়া ছিল পাঁচ টাকা। সেই ভাড়া বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৫ টাকায়। এতে চাপে পড়েছেন নিম্ন আয়ের লোকজন।
বেসরকারি সংস্থার কর্মকর্তা সাইফুল মাহমুদ বলেন, ‘আমি মাসে নয় হাজার টাকা বেতন পাই। চলতি মাসের পাঁচ দিনে সাড়ে সাত শ টাকা গাড়ি ভাড়া দিতে হয়েছে। বাকি আছে আরও ২৫ দিন। এভাবে চলতে থাকলে সংসার কীভাবে চালাব, বুঝতে পারছি না। যানবাহনের ভাড়া বেড়েছে দুই থেকে তিন গুণ। কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাধ্য হয়ে বেশি ভাড়া দিচ্ছি।’
কুমিরার বাসিন্দা খদিজা বেগমকে মামলার প্রয়োজনে সিএনজিচালিত অটোরিকশাযোগে প্রায়ই চট্টগ্রামের আদালত ভবনে যেতে হয়। কুমিরা থেকে চট্টগ্রামের প্রবেশমুখ সিটি গেট পর্যন্ত অটোরিকশার ভাড়া দিয়ে হয় ১৫০ থেখে ২০০ টাকা। তিনি বলেন, অটোরিকশার চালকেরা কথা বলতে চান না। কিছু করার নেই বলে বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যেতে হয়।
উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালির কৃষক ফজল করিম বলেন, ৫০ টাকার ভাড়া এখন গুনতে হচ্ছে ২৫০ টাকা। এ কারণে বাড়ছে সবজির দামও।
এ বিষয়ে অটোরিকশার চালক আবদুল খালেক বলেন, ‘অবরোধের প্রথম দিনে আমার অটোরিকশার সামনের আয়না ভেঙে দিয়েছে পিকেটারেরা। একবার আগুন দিলে সাড়ে চার লাখ টাকা শেষ। এ ছাড়া ইটপাটকেল ও ককটেলের ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। তাই ভাড়া একটু বেশি নিতে হচ্ছে।’
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম হাওলাদার বলেন, মহাসড়কে চলাচল করতে পারছে না বড় গাড়ি। ছোট যানবাহনগুলো এখন যাত্রীদের একমাত্র ভরসা। ঝুঁকি নিয়ে চলছে বলে ভাড়া বেড়েছে।