সীতাকুণ্ডের ১২ হাজার শ্রমিকের দুর্দিন
সীতাকুণ্ডের গুল আহমদ জুটমিলের কারিগর (মেকানিক) আব্দুল কাদের ১৯৯৯ সালের অক্টোবরে অবসর নিয়েছেন। পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। প্রায় ১২ বছরেও তাঁর পাওনা ৯০ হাজার টাকা কারখানা কর্তৃপক্ষ পরিশোধ করেনি। কাদেরের ছেলে আমিরুল ইসলাম বলেন, ‘অর্থাভাবে বাবার চিকিৎসা করানো যাচ্ছে না। আমাদের চার ভাই-বোনের লেখাপড়াও বন্ধ হয়ে গেছে।’ জানা যায়, কারখানাটি ১৯৯৪ সালে সরকারের কাছ থেকে চুক্তিভিত্তিক ভাড়া নিয়ে চালু করেন ঠিকাদার জসীম উদ্দিন। এক বছর পরই এতে উৎপাদন বন্ধ হয়ে যায়। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকেরা ধীরে ধীরে চলে যান। আবদুল কাদেরের মতো যাঁরা ছিলেন তাঁদের বেতন-ভাতা বকেয়া পড়ে থাকে। ২০০৫ সালে কারখানাটি আবার সরকারি উদ্যোগে চালু করা হলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করেনি কর্তৃপক্ষ। জানা যায়, সীতাকুণ্ডের পাটকলগুলো থেকে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত ১২ হাজার শ্রমিক-কর্মচারী বর্তমানে বেকার অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছেন। গুল আহমদ জুটমিলের উৎপাদন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, লোকসানের কারণে বিভিন্ন সময় কারখানা বন্ধ ছিল। ফলে বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করা সম্ভব হয়নি। বছর দেড়েক থেকে লোকসান কাটিয়ে উৎপাদন স্বাভাবিক হয়েছে। বেতন-ভাতাও নিয়মিত পরিশোধ করা হচ্ছে। ১৪ মে সরেজমিনে এলাকার শ্রমিক-কর্মচারী, বিভিন্ন শ্রমিকনেতা ও মালিকপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীতাকুণ্ডের চারটি সরকারি ও ১২টি বেসরকারি (বিরাষ্ট্রীয়করণকৃত) পাট ও সুতা (জুট ও টেক্সটাইল) কারখানা রয়েছে। বিভিন্ন সময়ে এসব কারখানার বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী ছাঁটাই করা হয়েছে। তাঁদের ভবিষ্যত তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ও গ্র্যাচুইটি পরিশোধ করা হয়নি। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম বলেন, ‘এখনো অনেক শ্রমিক পাওনা আদায়ের জন্য মিল কর্তৃপক্ষ এবং আমাদের কাছে ধরনা দিচ্ছেন। অনেকে অন্য পেশা বেছে নিয়েছেন। অনেক শ্রমিক অর্ধাহারে ও অনাহারে দিনাতিপাত করছেন।’শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক নুর আহম্মেদ বলেন, ‘ফৌজদারহাট ও বাড়বকুণ্ড শিল্পাঞ্চলের প্রায় ১২ হাজার শ্রমিক বিভিন্ন সময় চাকরিচ্যুত হয়েছেন। মালিকদের কাছে প্রায় ৩৪ কোটি ২০ লাখ টাকা পাবেন তাঁরা। এই বিশাল অঙ্কের টাকা মালিকেরা আত্মসাৎ করে শ্রমিকদের অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন।’বিরাষ্ট্রীয়করণকৃত পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, ঠিকাদার যেকোনো সময় শ্রমিকদের মজুরি বা বেতন বন্ধ এবং শ্রমিক ছাঁটাই করেন। দাবি আদায়ের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে সরকার বাধ্য হয়ে দুই সপ্তাহের বকেয়া পরিশোধ করার আশ্বাস দিয়ে শ্রমিকদের কাজে ফেরায়। কিন্তু কয়েক সপ্তাহ পর বেতন পরিশোধে আবার গড়িমসি করে।সীতাকুণ্ড এলাকার বিরাষ্ট্রীয়করণকৃত শিল্পকারখানার শ্রমিকদের অবস্থার কথা জানতে চাইলে বিরাষ্ট্রীয়করণকৃত আনোয়ারা জুটমিলের তাঁত শ্রমিক আব্দুর রহমান ও খুরশিদ আলম বলেন, ‘রক্ত না ঝরলে কেউ আমাদের দিকে তাকান না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ হলে টনক নড়ে ঊর্ধ্বতনমহলের। এক সপ্তাহের টাকা পরিশোধ করে। এ যেন আমাদের নিয়তি হয়ে গিয়েছিল। তবে বর্তমানে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও বিরাষ্ট্রীয়করণকৃত জুটমিলগুলোর ঠিকাদার শ্রমিকদের সাপ্তাহিক মজুরি বুঝিয়ে দিচ্ছেন।’ সীতাকুণ্ড উপজেলা শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, ‘চলতি মূলধনের সংকট, সরকারি ভর্তুকির অর্থ না পাওয়া, বিদ্যুৎসংকট, উৎপাদন খরচ বেশি হওয়া ইত্যাদি কারণে পাটকলগুলো লোকসান দিচ্ছে। কিন্তু সরকার এসব কারণ খুঁজতে কোনোদিন বসেনি।’ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা জানান, বাংলাদেশ শ্রম আইনের ৫ নম্বর ধারা মোতাবেক নিয়োগ ও পরিচয়পত্র ছাড়া কোনো শ্রমিক নিয়োগ দেওয়া যায় না। কিন্তু এখানে মালিকপক্ষ তা মানছেন না। এমনকি কারখানা পরিদর্শক কিংবা শ্রম অধিদপ্তরও কোনো মালিকের বিরুদ্ধে এ ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নিতে দেখা যায়নি।’জানা যায়, উপজেলার বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন চারটি রাষ্ট্রায়ত্ত জুটমিল রয়েছে। এর মধ্যে আরআর জুটমিলে প্রায় ৫০০, এমএম জুটমিলে ৬৩০ জন, গুল আহমদ জুটমিলে প্রায় দুই হাজার এবং হাফিজ জুটমিলে প্রায় চার হাজার শ্রমিক-কর্মচারী নিয়মিত কাজ করেন। বিরাষ্ট্রীয়করণকৃত জুটমিলের মধ্যে এসকেএম জুটমিলে ৯৫০ জন, মকবুলার রহমান জুটমিলে এক হাজার ৫০০ জন, আনোয়ারা জুটমিলে এক হাজার ৪৫০ জন শ্রমিক রয়েছেন। তাঁরা কাজ করেন ঠিকাদারের তত্ত্বাবধানে। আনোয়ারা জুটমিলের ঠিকাদার মোজাম্মেল হোসেন জানান, লোকসান সত্ত্বেও শ্রমিক-কর্মচারীদের সাপ্তাহিক বেতন নিয়মিত পরিশোধ করা হচ্ছে। তবে বন্ধ কাশেম জুটমিলের সিবিএ নেতা আবুল কাসেম ও সুলতানা জুটমিলের নেতা ফখরুল ইসলাম জানান, ওই দুই প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ৩০০ শ্রমিকের বেতনসহ আনুষঙ্গিক পাওনাদি এখনো পরিশোধ করা হয়নি। তবে ব্যক্তি মালিকানাধীন সালেহ জুটমিলের ৭০০ শ্রমিকের বেতন-ভাতা মালিকপক্ষ নিয়মিত পরিশোধ করছেন।’ জানা যায়, ১৯৮২ সালে জলিল টেক্সটাইল মিল, হাফিজ টেক্সটাইল মিল, ঈগল স্টার টেক্সটাইল মিল এবং আরআর টেক্সটাইল মিল বিরাষ্ট্রীয়করণ করা হয়। ২০০৪ সালে এসব কারখানার উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। জলিল টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম আজাদ জানান, ‘মিলের শ্রমিক ছিলেন ৯০০। বন্ধ করার সময় মিলের কিছু সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বিভিন্ন পাওনা পরিশোধ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু মালিকপক্ষের গড়িমসির কারণে এখনো শ্রমিকেরা তাঁদের বকেয়া পাননি।’ কারখানার ব্যবস্থাপনা পরিচালক এস এম সেলিম চৌধুরী জানান, ‘মিলের পুরোনো যন্ত্রপাতি এবং কিছু সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার জন্য কয়েক দফা বসা হয়েছে। ইতিমধ্যে শ্রমিকদের কিছু কিছু পাওনা পরিশোধও করা হয়েছে।’ প্রায় ৮০০ শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করে মালিকপক্ষ আরআর টেক্সটাইল মিলটি ২০০৯ সালে বন্ধ করে দেন। একইভাবে হাফিজ টেক্সটাইলের এক হাজার ৫০ জন শ্রমিক ও ইগল স্টার টেক্সটাইল মিলের প্রায় এক হাজার ২০০ শ্রমিকের বিভিন্ন পাওনা পরিশোধ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। ফলে ওই সব কারখানার শ্রমিক-কর্মচারীরা বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন।