সীতাকুণ্ডের ১৯ বাজারের সংস্কার নেই
সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন হাটবাজারে পয়োনিষ্কাশনব্যবস্থা ও শৌচাগার নেই। ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কার নেই দীর্ঘদিন। একটুখানি বৃষ্টি হলেই বাজারে হাঁটুসমান পানি জমে যায়। ফলে বাজারগুলোতে ক্রেতা-বিক্রেতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব হাটবাজার ইজারা দিয়ে বছরে প্রায় কোটি টাকা আয় হলেও তা থেকে প্রয়োজনীয় অর্থ বাজার উন্নয়নে খরচ না করায় দুর্ভোগ দিন দিন বাড়ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন। সীতাকুণ্ড পৌর সদরে মোহন্তের হাটে দেখা গেছে, বিশাল এলাকা নিয়ে জমজমাট বাজারের পশ্চিম পাশে একমাত্র শৌচাগারটি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সাধারণ ক্রেতা-বিক্রেতাদের ব্যবহারের জন্য আর কোনো শৌচাগার নেই। এত বড় বাজারে নেই কোনো নলকূপ। ময়লা-আবর্জনা জমে নালাগুলো বন্ধ হয়ে গেছে। মাছের বাজার বসছে খোলা জায়গায়, নোংরা পরিবেশে। মাছ-হাটার ময়লার দুর্গন্ধে আশপাশে স্বাভাবিক চলাফেরা কষ্টকর হয়ে ওঠে। জনতা ব্যাংক সীতাকুণ্ড শাখার কর্মকর্তা জহিরুল আলম বাজার করতে এসে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভাবতে অবাক লাগে, পৌরসভার এ প্রধান বাজারে সুষুম পয়োনিষ্কাশনের ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা।’ মোহন্তের হাট কাঁচাবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি জহুরুল আলম বলেন, ‘এ বাজারে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে। অথচ শৌচাগার আছে মাত্র একটি, তা-ও ব্যবহার করা যায় না। প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তুলে যতটুকু সম্ভব এটি পরিষ্কার রাখার ব্যবস্থা করি।’ উপজেলার সবচেয়ে বড় বাজার বড় দারোগার হাট। গত বছর এটির ইজারা দেওয়া হয় ২৭ লাখ ৫০ হাজার ১০১ টাকায়। ২০ এপ্রিল সরেজমিনে দেখা গেছে, এ বাজারেও একমাত্র শৌচাগারের অবস্থা খুবই খারাপ। কাঁচাবাজারের বেশির ভাগ অংশজুড়ে দোকানঘর গড়ে তোলায় নালা ও রাস্তার ওপরেই বসছে কাঁচাবাজার। আবর্জনায় নালাগুলো ভরে গেছে। বড় দারোগার হাট বাজার সমিতির সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া বলেন, ‘ইজারার মাধ্যমে প্রশাসন শুধু টাকাই নেয়। বাজারের উন্নয়নে কোনো উদ্যোগ নেয় না।’ ফৌজদারহাট বাজারে অপরিকল্পিতভাবে তিন শতাধিক দোকান তৈরি করা হয়েছে। কাঁচাবাজারের মাঝখানে ১২টি খাঁচা বসিয়ে চলছে মুরগির ব্যবসা। মুরগির ময়লা-আবর্জনায় গোটা বাজারের পরিবেশ হয়ে উঠেছে দুর্গন্ধময়। বাজারে কোনো নলকূপ নেই। শৌচাগারের অবস্থাও ভালো নয়। বাজারের ব্যবসায়ীরা বলেছেন, ‘দীর্ঘদিন ধরে বাজারের কোনো উন্নয়ন নেই। ১৮ লাখ টাকায় বাজারটি ইজারা দেওয়া হলেও বাজারের উন্নয়নে কোনো উদ্যোগ কর্তৃপক্ষ নেয়নি। ব্যবসায়ীরা প্রতিদিন দুই টাকা জমা করে সেই টাকা দিয়ে বাজার পরিষ্কার করান।জানা যায়, উপজেলার প্রতিটি হাট বসে সপ্তাহে দুইদিন করে। হাটগুলোতে শৌচাগার না থাকায় প্রতি হাটের দিন কারও শৌচাগারে যাওয়ার জরুরি প্রয়োজন হলে হাটসংলগ্ন কারও বাড়িতে যেতে বাধ্য হন। প্রতিটি হাটে চলাচলের রাস্তাগুলোও সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৯টি হাটবাজার রয়েছে। প্রতিবছর এসব ইজারা দিয়ে কর্তৃপক্ষ ৯০ লাখ থেকে প্রায় এক কোটি টাকা আয় করে। এ খাতে গত বছর আয় হয়েছে ৯০ লাখ ২৩ হাজার ৪৯৯ টাকা। এর মধ্যে ৪৫ শতাংশ বাজার উন্নয়ন খাতে খরচ করার কথা থাকলেও হয় না। উপজেলা দোকান-মালিক সমিতির সভাপতি আবুল কাশেম ওয়াহেদী প্রথম আলোকে জানান, ‘বাজারগুলোর উন্নয়ন হচ্ছে না দীর্ঘদিন। অথচ প্রতিবছরই সরকার রাজস্ব আদায় করছে। বাজার উন্নয়নে ইজারাদারদেরও আন্তরিকতা দেখা যায় না।’ পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম বলেন, ‘পৌরসদরের মোহন্তের হাট ভেঙে একটি আধুনিক বহুতল বিপণিকেন্দ্র নির্মাণের জন্য পরিকল্পনা ও প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি, শিগগিরই কাজ শুরু হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রউফ বলেন, ‘ইজারার ৪৫ শতাংশ টাকা দিয়ে বাজার-হাট সংরক্ষণ, মেরামত ও উন্নয়ন করার কথা। প্রতিটি বাজারে শৌচাগার থাকা বাধ্যতামূলক। চলতি বছর হাটবাজার ইজারার সময় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।’