সীতাকুণ্ডের ৩০টি গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক বর্ষণ ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়নের ছোট-বড় ৩০টি গ্রামীণ সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে সংযুক্ত কয়েকটি ছাড়া অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে গ্রামীণ জনপদে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসনের এক হিসাবে জানা যায়, অতিবর্ষণে উপজেলার ১০৯ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাঁচা সড়ক সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে সাত কিলোমিটার, আংশিক নষ্ট হয়েছে ৬০ কিলোমিটার এবং পাকা সড়ক (আংশিক) বিধ্বস্ত হয়েছে ৪২ কিলোমিটার। উপজেলার কয়েকটি গ্রাম ঘুরে এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ক্ষতিগ্রস্ত সড়কগুলো হলো—হামিদুল্লাহ সড়ক, কোরবান আলী চৌধুরী সড়ক, ভাটিয়ারী ইউনিয়নের ফিডার সড়ক, ইলিয়াস আলী সড়ক, সুয়াখালী সড়ক, তুলাতলী সড়ক, কাজী মসজিদ সড়ক, রাজা মিয়া চৌধুরী সড়ক, সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার সড়ক, ফকিরহাট সড়ক, সৈয়দপুর ইউনিয়নের হাবিব আহম্মদ সড়ক, মধ্যরধারী সড়ক, শেখের সড়ক, বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুরিয়া সড়ক, ইমামনগর সড়ক, হামিদ আলী সড়ক, কোট্টাবাজার সড়ক, কুমিরা ইউনিয়নের ঘাটঘর সড়ক, বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল-মহানগর সড়ক, কলাবাড়িয়া সড়ক, আমির আলী সড়ক, বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা সড়ক, ধর্মপুর সড়ক, শেখ আলী চৌধুরী সড়ক, মুরাদপুর ইউনিয়নের আসকান আলী সড়ক, কাজীপাড়া সড়ক ও সোনা মিয়া সওদাগর সড়ক।বারৈয়াঢালার বড় দারোগারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ চৌধুরী বলেন, ‘ইউনিয়নের টেরিয়াইল-মহানগর সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। মহালঙ্কা, কমর আলী সড়কের অবস্থাও বেহাল।’ বারৈয়াঢালা ইউনিয়নের চেয়ারম্যান রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘এক সপ্তাহের বৃষ্টিতে এলাকার সব রাস্তাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্কারের ব্যাপারে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’ বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর আহম্মেদ বলেন, আকিলপুর সড়ক দিয়ে ওয়ার্ডের প্রায় তিন হাজার মানুষ চলাচল করে। ১৯৯৭ সালে চার কিলোমিটার সড়কের মধ্যে মাত্র এক কিলোমিটার সড়কে ইট বসানোর পর আর কোনো সংস্কারকাজ হয়নি। একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোট্টাবাজারের বাসিন্দার জসিম উদ্দিন জানান, তাঁদের যাতায়াতের একমাত্র রাস্তাটি বিএনপির আমলের শেষ সময়ে কার্পেটিং করা হয়। কিন্তু নিম্ন মানের কাজের কারণে কাজ শেষ হওয়ার ছয় মাস না যেতেই কার্পেটিং নষ্ট হয়ে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে। সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, পশ্চিম সৈয়দপুরের চেয়ারম্যানঘাটা পর্যন্ত সংযোগ সড়ক এবং পশ্চিম দিকে বেড়িবাঁঁধ পর্যন্ত সড়কটি কিছুদিন আগে মাটি দিয়ে ভরাট করা হলেও কয়েক দিনের বৃষ্টিতে বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী পড়েছে। এতে এলাকার প্রায় আড়াই হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। কুমিরা ইউনিয়নের বড় কুমিরা থেকে ঘাটঘর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই একাধিক রিকশা দুর্ঘটনা ঘটছে। ছোট কুমিরা লতিফা বালিকা বিদ্যালয় থেকে হাবিব সড়ক হয়ে বেড়িবাঁধ পর্যন্ত সড়কটি দেখে মনে হবে না, এর আগে এটি কোনো সড়ক ছিল। অথচ এ রাস্তাটি দিয়ে প্রতিদিন এলাকাবাসী ছাড়াও তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। এ ব্যাপারে কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী বলেন, ‘গত সপ্তাহের বৃষ্টিতে আমার ইউনিয়নে প্রচুর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির একটি চিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, উপজেলার সার্বিক ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য নিজ নিজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হবে।