সীতাকুণ্ডের ৩২ জেলে পাড়ায় জলাবদ্ধতা
জলাবদ্ধতার দুর্ভোগ থেকে রেহাই পাচ্ছেন না সীতাকুণ্ডের ৩২ জেলেপাড়ার ২৮ হাজার মানুষ। বর্ষার ভারী বৃষ্টিতে জেলেপাড়ার কোথাও হাঁটু, কোথাও বুক সমান পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও ঘরবাড়ি। এ সময় নানা ক্ষতির শিকার হন স্থানীয় লোকজন। অপরিকল্পিত বাড়ি তৈরি, অপরিকল্পিত পয়োনিষ্কাশনব্যবস্থা, খাল দখল করে স্থাপনা তৈরি ও ময়লা অপসারণ না করার কারণে জলাবদ্ধতা হচ্ছে বলে জানান ভুক্তভোগী লোকজন। সলিমপুর, কুমিরা, মুরাদপুর জেলেপাড়ায় দেখা গেছে, খালের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। ফলে পানি নিষ্কাশনে বাধার সৃষ্টি হয়। জলাবদ্ধতা ছাড়া আরও কিছু সমস্যা নিয়ে অভিযোগ জেলেদের। বেশির ভাগ পাড়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। খালের দূষিত পানিই পান করেন তাঁরা। আবার খালের পাশেই সারি সারি খোলাপায়খানা। দূষিত পানির কারণে চর্মরোগ, পেটের পীড়াসহ নানা সমস্যায় ভুগছেন অনেকে। কুমিরা জেলেপাড়ার বাসিন্দা হরিমোহন জলদাস জানান, ‘এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় না নিয়মিত। সমুদ্র উপকূলীয় বড় কুমিরা খালের দুই পাশ দখল করে স্থাপনা তৈরি করেছেন প্রভাবশালীরা। এতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অন্যদিকে সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে খাল। ফলে কয়েক ঘণ্টার বৃষ্টি ও সমুদ্রের জোয়ারে খালসংলগ্ন গ্রামগুলো প্লাবিত হয়। মুরাদপুর ইউনিয়নের দেলিপাড়ার লোকজন জানান, এখানে পানি নিষ্কাশিত হওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রতিটি বাড়ির আশপাশে ময়লা-আর্বজনার স্তূপ। এ ছাড়া পানি প্রবাহের প্রাকৃতিক খাল ভরাট হয়ে গেছে। খালের মুখে জোয়ার নিয়ন্ত্রক না থাকায় সাগরের পানি ঢুকে পড়ে এলাকায়। উপজেলা জেলে সমন্বয় পরিষদের সভাপতি সারথী রাণী দাস জানান, ‘উপকূলীয় এলাকার প্রতিটি জেলেপাড়ায় পানি জমে থাকে বর্ষায়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত নালা নেই। এ নিয়ে জনপ্রতিনিধিদের মাথাব্যথাও নেই। নির্বাচন এলে আমাদের কথা মনে পড়ে। তখন আমাদের কদর বাড়ে। অথচ ভোটের পর জনপ্রতিনিধিরা একবারও জেলেপাড়ায় আসেন না।’কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান জানান, ‘কুমিরার চর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় জোয়ারের পানি ঢোকে। এতে জেলেদের গ্রামগুলোতে জলাবদ্ধতা দেখা দেয়। খাল ভরাট হয়ে যাওয়ায় জোয়ারের পানি ঢুকলে তা সহজে বের হতে পারে না। বেড়িবাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডে অনেকবার বলা হয়েছে।’উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘উপজেলার একটি বড় সমস্যা জলাবদ্ধতা। জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হচ্ছে।’