সীতাকুণ্ডের ৩২ জেলেগ্রামে প্রসূতি চিকিৎসায় ঝাড়ফুঁক
রামচাঁদ জলদাসের বাড়ির উঠোনে পর্দায় ঘেরা একটি চৌকিতে শুয়ে আছেন তাঁরই নয় মাসের গর্ভবতী স্ত্রী তপতী দাস। কয়েক দিন ধরে তাঁর প্রসববেদনা। তাঁকে ঘিরে রয়েছেন এলাকার পাঁচ-ছয়জন বয়স্ক নারী এবং পাশের উপজেলা মিরসরাই থেকে আসা কবিরাজ মহেন্দ্র তালুকদার ও এক ধাত্রী। কবিরাজ মহেন্দ্র তালুকদার রামচাঁদকে বললেন, ‘তেমন কিছুই হয়নি, জিনের আসর লাগায় ব্যথা একটু বেশি হচ্ছে। ঠিকমতো ঝাড়ফুঁক করলে কোনো সমস্যা ছাড়াই বাচ্চা জন্ম নেবে।’ এভাবে দুই দিন ধরে তপতীর চিকিৎসা চলে। কবিরাজের কথায় আগরবাতি, মোম, মুরগি, ডিম ইত্যাদি বাবদ কয়েক শ টাকা খরচ হয়। কবিরাজকেও দিতে হয়েছে ৭০০ টাকা। সঙ্গে আসা ধাত্রীকেও ৩০০ টাকা দিতে হয়েছে।শেষ পর্যন্ত অদক্ষ ধাত্রীর হাতেই বাচ্চা প্রসব হয়। তবে সেই শিশুর মাথা ও হাত এখনো বাঁকা, শারীরিকভাবে সে দুর্বল। বলা যায় শারীরিক প্রতিবন্ধী। সাত মাস আগে কুমিরা জেলেগ্রামের এ ঘটনার বর্ণনা দিলেন রামচাঁদ জলদাস। সীতাকুণ্ডের উপকূলীয় এলাকার ৩২ জেলেগ্রামে এ ধরনের ঘটনা ঘটছে প্রায় সময়। জানা যায়, উপকূলীয় এলাকার অধিকাংশ গ্রামের লোকজনের মধ্যে এখনো কুসংস্কার রয়েছে। অনেকেই রোগ হলে কবিরাজের দ্বারস্থ হচ্ছেন। গর্ভবতীদের অনেকেই কবিরাজ ও অদক্ষ ধাত্রীর ওপর নির্ভর করছেন। পূর্ব সৈয়দপুরের প্রবীণ ব্যক্তি জানে আলম বলেন, ‘বাড়ির মেয়েলোকেরা পরপুরুষদের দেখবে, এটা কেমন কথা। তার থেইক্যা বাড়ির ভেতরে বাইচ্চা জন্ম নেওয়নের সময় ধাত্রীরে খবর দিলেই হয়।’বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব বলেন, ‘নিরাপদে বাচ্চা প্রসবের জন্য হাসপাতালে যেতে হবে—এটা স্থানীয় অনেক অভিভাবকই জানেন না। আবার অনেকে স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে বাধ্য হয়েই হাতুড়ে চিকিৎসক-কবিরাজের দারস্থ হচ্ছেন।’ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা যায়, হাসপাতালে দুইজন স্ত্রী-রোগ বিশেষজ্ঞ থাকলেও এখানে প্রসূতি বিভাগ নেই। ফলে মোটামুটি সচ্ছল অভিভাবকেরা প্রসূতিদের চট্টগ্রামের কোনো ক্লিনিক বা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আকিলপুর গ্রামের সুমন রায়ের অভিযোগ, এক মাস আগে তাঁর এক গর্ভবতী আত্মীয়কে নিয়ে সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর শুনতে পান সেখানে প্রসূতি বিভাগ নেই। পরে প্রসবব্যথা নিয়ে প্রায় ৪০ কিলোমিটার দূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ততক্ষণে রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। মাকে বাঁচানো গেলেও বাচ্চাকে বাঁচানো যায়নি। সীতাকুণ্ড পৌর মেয়র নায়েক (অব.) সফিউল আলম প্রথম আলোকে জানান, ‘সীতাকুণ্ড হাসপাতালে প্রসূতি বিভাগ না থাকাতে অনেক সমস্যা দেখা দিয়েছে। ফলে গ্রামের অদক্ষ ধাত্রীর ভুলের কারণে প্রসবের সময় অনেক মা ও শিশু মারা যাচ্ছেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের বিশেষ নজর দেওয়া উচিত।’ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু তাহের প্রথম আলোকে জানান, ‘প্রসূতিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য দুইজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ রাখা হয়েছে। কিন্তু গ্রামের লোকজন গর্ভবতীদের নিয়ে হাসপাতালমুখী হতে চান না।’