সীতাকুণ্ডের ৩৪ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই
সীতাকুণ্ড উপজেলার ৩৪ গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ইচ্ছে থাকা সত্ত্বেও অভিভাবকেরা সন্তানদের বিদ্যালয়ে দিতে পারছেন না। পর্যাপ্ত জায়গার অভাবে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হয় না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ১০৭টি গ্রামের মধ্যে ৩৪টিতে প্রাথমিক বিদ্যালয় নেই। এসব গ্রামের একেকটিতে তিন-ছয় হাজার লোকের বসবাস। কিন্তু প্রাথমিক বিদ্যালয় না থাকায় অভিভাবকেরা সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে পারছেন না। ভাটিয়ারী উচ্চবিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম জানান, এলাকায় পর্যাপ্ত প্রাথমিক বিদ্যালয় না থাকায় শত শত শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। জানা যায়, কোনো কোনো এলাকায় বেসরকারি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয়। সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলর রফিকুল আলম জানান, দক্ষিণ ইদিলপুর গ্রামে পৌর মেয়রের উদ্যোগে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। তিনি জানান, শুরুতেই প্রায় দেড় শতাধিক শিশু এখানে ভর্তি হয়েছে। ৫ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী বলেন, ‘প্রায় পাঁচ হাজার জনবসতির এ ওয়ার্ডে কোনো প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর সঙ্গে কথা বলে জমির ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে অনুমোদন পেলেই বিদ্যালয়টি স্থাপনের কাজ শুরু করা হবে।’ বাড়বকুণ্ড ও বারৈয়াঢালা আশ্রয়ণ প্রকল্প ঘুরে জানা গেছে, আশ্রিত প্রায় দেড় শতাধিক পরিবারের জন্য কোনো প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠেনি। ফলে সেখানকার প্রায় চার শতাধিক শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ফ ম মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার হার বাড়াতে হলে ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন।’উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর রহমান মজুমদার প্রথম আলোকে বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী দুই হাজার লোকের বসবাস ও ১৫০ জন শিক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে পড়ার উপযোগী হলে সেই গ্রামে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা যায়। প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে সরকারি নিয়ম অনুযায়ী পর্যাপ্ত জায়গা না পাওয়ায় প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা সম্ভব হয় না।’ উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, ‘উপজেলার যেসব গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব গ্রামে নতুন করে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।’