সীতার পাহাড় কত দূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতার পাহাড় দেখার শখ ২০ বছর ধরে মনে লালন করছি। ইচ্ছে করলেই এ পাহাড় দেখা যায় না। তাই এত দিনের অপেক্ষা। এক দিন জানা গেল, তিন্দুতে বসবাসরত পাহাড়ি দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চক্ষুসেবা দিতে কক্সবাজার শহরের বায়তুশশরফ চক্ষু হাসপাতাল থেকে একটি চিকিৎসকদল যাচ্ছে। সীতার পাহাড় ওই তিন্দুতেই অবস্থিত। সুযোগটা হাতছাড়া করা গেল না। ভিড়ে গেলাম ওই দলে।সকাল ছয়টায় কক্সবাজার শহর থেকে আমরা রওনা হলাম তিন্দুর উদ্দেশে। সকাল সাড়ে আটটা নাগাদ আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীরহাট। সেখান থেকে আঁকা-বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে বান্দরবান শহরে। বান্দরবানে ‘মিরিং রং’ রেস্তোরাঁয় যার যেমন ইচ্ছা খাওয়া হলো। তারপর আবার যাত্রা।আমাদের গাড়ি পাহাড়ের আঁকা-বাঁকা রাস্তা বেয়ে চলছে। মাঝেমধ্যে দু-একটা চান্দের গাড়ি (খোলা জিপ) অথবা দুই-তিনজন আদিবাসী মানুষ নজরে পড়ছে। বাকি শুধু পাহাড় আর পাহাড়। আমরা এসে পৌঁছালাম বিশাল এক পাহাড়ের চূড়ায়। এর নাম ‘জীবননগর’। এখান থেকে নিচের দিকে প্রায় ছয় কিলোমিটারের রাস্তা আমাদের যেতে হবে। রাস্তাটি একনজর দেখে ভয়ে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। ওপর থেকে এই সড়ক ধরে নিচে নামতে গিয়ে নাকি বেশির ভাগ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়ি ছুটছে উঁচু পাহাড়ের চূড়া থেকে খাড়া নিচের দিকে। কারও মুখে কথা নেই, সবাই শুধু সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। গাড়ির চালক বললেন, জীবনবাজি রেখে এই সড়কে চলাচল করতে হয় বলে এই জায়গাটার নামকরণ হয়েছে ‘জীবননগর’। পাহাড়ের চূড়া থেকে কখন নিচে চলে এলাম খেয়াল করিনি। কারণ, চোখ বন্ধ ছিল। প্রচণ্ড গরম অনুভব করে চোখ খুললাম। দেখি সেনাবাহিনীর একটি ক্যাম্প। আগুন জ্বালানোর কারণে বাতাসে অক্সিজেনের হার কম এবং কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বলেই নাকি সমতলের এই জায়গাটিতে এত গরম। জায়গাটির নাম বলিপাড়া। বলিপাড়া থেকে বেলা দুইটায় আমরা পৌঁছালাম সেই দুর্গম থানচি সদরে। থানচিতে আমাদের জন্য অপেক্ষা করছিলেন তিন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মং প্রু মার্মা। তিনি জানালেন, হয় দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে, নতুবা পাহাড়ি লেক ধরে নৌকায় চড়ে তিন্দু যেতে হবে। আমাদের নিরাপত্তার জন্য সঙ্গে এলেন কয়েকজন পুলিশ সদস্য। আমরা সবাই নৌকায় চড়েই তিন্দু রওনা হলাম। প্রতিটি নৌকা আসা-যাওয়ার জন্য এক হাজার ২০০ টাকায় ভাড়া করা হলো। এক নৌকাতে চারজন। নৌকায় ইঞ্জিনও নেই। নৌকার সামনে ও পেছনে দুইজন বসে বাঁশ দিয়ে নৌকা ঠেলে স্রোতের প্রতিকূলে আমাদের নিয়ে যাচ্ছেন। কম পানিতে নৌকা আটকে গেলে আমরা নেমে হাঁটা শুরু করি। উঁচু-উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে নেমে আসা হ্রদের বুকে এভাবে আমরা এগিয়ে চলছি তিন্দুর উদ্দেশে। সীতার পাহাড় দেখব বলে। কিন্তু সীতার পাহাড় আর কত দূর, কে জানে?বিকেল চারটা নাগাদ গভীর হ্রদ পাওয়া গেল। দুটি ইঞ্জিন নৌকার পেছনে আমাদের নৌকা বেঁধে টানা হলো। এভাবে কিছু দূর এগোলাম। তারপর আবার নৌকা, পায়ে হাঁটা কর্মসূচি! সন্ধ্যায় দেখা গেল তিন্দু।আমাদের রাতযাপনের ব্যবস্থা করা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যের দোকানের ওপর। কাঠের ঘর। থানচি থেকে আসা বাবুর্চি আমাদের জন্য রান্না করলেন। মাংসের সঙ্গে রুই মাছ আছে। পেটপুরে ভাত খাওয়া খেতে খেতে যাত্রার ভয়ের স্মৃতিগুলো ফিকে হয়ে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে পাথরের রাজ্যে প্রবেশ। বিশাল এবং বড়-বড় পাথর পাহাড়। একটা পাথরের ওপর বসে আমরা ২৫ জন বিন্নি ভাত দিয়ে সকালের নাশতা সারলাম। সঙ্গে ধোঁয়া ওঠা চা। পথে খাওয়ার জন্য সঙ্গে নিলাম বিন্নি ভাত।পাশেই দাঁড়িয়ে আছে বিরাট এক পাহাড়, একদম খাড়া। এটা শুধু দূর থেকে দেখা যায়, কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ নেই। এটিই সীতার পাহাড়। জনশ্রুতি রয়েছে, এখনো নাকি আকাশছোঁয়া এই সীতার পাহাড়ে কেউ উঠতে পারেনি। পাহাড়ের নিচে আদিবাসী লোকজন পূজা-অর্চনা করেন। ’৭১-এর মুক্তিযুদ্ধ চলাকালীন নাকি এ পথ দিয়েই অনেক মুক্তিযোদ্ধা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাথরের রাজ্যের রুক্ষ রূপ উপভোগের পর মনটা ভরে গেল। দুপুরের দিকে তিন্দু থেকে সেই একই কায়দায় পাঁচ ঘণ্টার দুর্গম পথ পাড়ি দিয়ে সন্ধ্যায় পৌঁছালাম থানচি। সেখান থেকে কক্সবাজার শহরে ফেরা। পেছনে পড়ে রইল দুর্গম সীতার পাহাড়। বুকভরে নিয়ে এলাম যাত্রার সাহস আর রোমাঞ্চ।