সীমানা ছাড়িয়ে সজীব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য মুফরাদুল খায়ের সজীব l সৌরভ দাশ
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয়ী দলের সদস্য মুফরাদুল খায়ের সজীব l সৌরভ দাশ

ছোটবেলা থেকে ‘ডানপিটে’ স্বীকৃতিটা লেগে ছিল তার সঙ্গে। কিন্তু কে শোনে কার কথা। তার কাজ সে করেই যায়। যেখানেই যায় বসে থাকার ফুরসত মেলে না। কোনো একটা কিছু তার করা চা-ই। আর খেলা হলে তো কথাই নেই, একেবারে সবাইকে ছাড়িয়ে। সেটা ফুটবল হোক আর ক্রিকেট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এই ফুটবল কিংবা ক্রিকেটে মজেনি তার মন। হাতে তুলে নিয়েছে টেবিল টেনিসের র্যা কেট। এই র্যা কেট হাতেই দেশের সীমানা ছাড়িয়েছে তার খ্যাতি। সে মুফরাদুল খায়ের (১৫)। সবার কাছে পরিচিত সজীব নামে। 
চট্টগ্রামের এই কিশোর তারকা এবার সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিসে ক্যাডেট বিভাগে বাংলাদেশের হয়ে জিতেছে ব্রোঞ্চ। দলগত এই ইভেন্টে তার সঙ্গী ছিল নড়াইলের জোবায়ের খান ও ঢাকার ইমরান হোসেন। গত ২৭ থেকে ২৯ আগস্ট পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে ভারত চ্যাম্পিয়ন ও শ্রীলঙ্কা রানার্সআপ হয়। অংশ নেয় মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান।
দেশের বাইরে বড় আসরে প্রথম পদক জয়। কেমন অনুভূতি? সজীবের ঝটপট উত্তর, ‘খুবই ভালো লাগছে। এটা আমার ক্যারিয়ারের বড় অর্জন। এত দিন খেলেছি দেশের মাঠে। এবার দেশের হয়ে বিদেশে পদক জিতেছি। যা আমাকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।’ ক্রিকেট কিংবা ফুটবল থাকতে টেবিল টেনিসে কেন? এবার কথা শেষ
হওয়ার আগেই লুফে নিল সে। বলল, ‘এটার একটা কাহিনি আছে। আমি টেবিল টেনিস খেলোয়াড় হব, এটা ভেবে খেলায় আসিনি। আমাকে এই পথ দেখিয়েছে নবীন মেলা ক্লাব। একদিন ভাইয়াকে ডাকতে নবীন মেলা ক্লাবে গেলে ক্লাব সভাপতি জামাল উদ্দিন বললেন, “তুমি ক্লাবে আসবে প্রতিদিন। এখানে খেলবে।” পরদিন গেলে হাতে ধরিয়ে দেন টেবিল টেনিসের ব্যাট। ব্যস, সেই শুরু। তখন আমার বয়স ছয় বছর।’
এভাবে ক্লাবে হাত পাকে সজীবের। প্রথম দিকে নবীন মেলা ক্লাবের টুর্নামেন্টে অংশ নিয়ে তাক লাগিয়ে দেয় সবাইকে। এরপর ক্লাবের গণ্ডি ছেড়ে সজীব পা রাখে জেলায়। সময়টা ২০০৯ সাল। প্রথম অংশ নিয়েই চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার স্কুল টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক এককে চ্যাম্পিয়ন হয়। এই শিরোপা অক্ষুণ্ন থাকে ২০১০ ও ২০১১ সালেও। এর মধ্যে ২০১০ ও ২০১২ সালে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতায় দলগতভাবে চতুর্থ হয়। এ বছর জাতীয় জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতায় বালক দ্বৈততে চ্যাম্পিয়ন হয় সজীব। এ ছাড়া স্থানীয়ভাবে আয়োজিত টেবিল টেনিস টুর্নামেন্ট হলেই জুনিয়রে সজীবই চ্যাম্পিয়ন, এটা অনেকটা নির্ধারিত। এসব টুর্নামেন্টে চ্যাম্পিয়নের পদক তার ঝুলিতে রয়েছে কমপক্ষে ৫০টি।
এতসব কিছু করে পড়ালেখাও চলছে সমানে। সজীব পড়ছে নগরের কদম মোবারক সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে বিজ্ঞান বিভাগে। প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার আগে খেলতে যেতে হয়েছে দিনাজপুরে। তার পরও ‘এ’ পেয়েছে। এবার এসএসসিতেও ভালো করার আশা তার।
সজীব কিশোর বয়সে তারকা। কার অনুপ্রেরণায় এত দূর? এবার কিছুটা দৃঢ়তা, কিছুটা আবেগ মিশ্রিত কণ্ঠস্বর—‘সবকিছুর মূলে আমার মা দিলারা খানম। সবাই বলত, “পড়ালেখা না করে এসব কী করে সে”। আর মা বলতেন দুটিই চলবে। মায়ের এই প্রেরণা আমাকে এত দূর এনেছে। তৈরি করে দিয়েছে আত্মবিশ্বাস। এখন সামনেই এগোব।’