সীমানা ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ মার্চ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। ৪৭তম সমাবর্তন উপলক্ষে শিক্ষার্থীদের উপচে পড়া সমাবেশ। যেদিকেই চোখ যায়, সব দিকেই কালো গাউন আর মাথায় কালো ক্যাপ পরা সব শিক্ষার্থী।আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১১ সালের স্নাতক শিক্ষার্থী ফাহমিদা, নুসরাত, শায়লা, ফাহিমা। শিক্ষাজীবনে সকালবেলা ঘুমের জন্য অনেক ক্লাসে অনুপস্থিত ছিলেন। কিন্তু নিজেদের প্রথম সমাবর্তনের দিনে অনুষ্ঠান শুরুর অনেক আগেই সকাল সাতটার মধ্যে প্রিয় ক্যাম্পাসে এসে হাজির। ফাহমিদা বলেন, ‘সমাবর্তন সবার জীবনে একটি বিশেষ দিন। এমন দিনে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সঙ্গে থাকার আনন্দেই এত সকালে হাজির হয়েছি।’সমাবর্তন মাঠে প্রবেশের আগে ওদের সঙ্গে দেখা হয়ে যায় বন্ধু আলিমুল, হিমু, পলাশ, সাব্বির ও ফারিয়ার। সব বন্ধু মিলে হাসি-খুশিতে প্রবেশ করে সমাবর্তন মাঠে, নিজেদের শিক্ষাজীবনের অন্যতম স্মরণীয় একটি দিন রাঙিয়ে নেন স্নাতক হওয়ার আনন্দে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১৫ একর ক্যাম্পাসের পুরোটাই ছিল সমাবর্তনের উচ্ছ্বাস আর আনন্দ। লোকপ্রাশসন বিভাগের স্নাতক নওরীন নূয়েরী তাঁর বন্ধু নকিব, জেসমিন ও আমরিন খানের সঙ্গে কালো গাউন আর চার কোনাকৃতির গ্র্যাজুয়েশন ক্যাপ পরে ভীষণ আনন্দিত। ছবি তুলছেন ইচ্ছেমতো। নিজের বিভাগ, নিজের অনুষদ, রাজু ভার্স্কয, অপরাজেয় বাংলা—কোথাও বাদ দেননি। তিনি জানান, ‘অনার্সের পড়াশোনা শেষ করেছি গত বছর, আর এক বছরের মধ্যেই সমাবর্তন পাব আশা করিনি। সে জন্যই এত আনন্দ!’ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা, পাপিয়া আফরিন, নুদরাত সানজিদা ও এলিনা সুলতানার সঙ্গে অনেক দিন ধরে দেখা নেই প্রিয় বন্ধু অভিজিৎ রায়, রাকিব মোহাম্মদ ও আলীর। ইতিমধ্যে বিবিএর পড়াশোনার পাট চুকিয়ে সবাই শুরু করেছেন কর্মজীবন। বন্ধুদের সঙ্গে অনেক দিন দেখা নেই কারও। সমাবর্তনের অছিলায় দেখা হয়ে যায় সেই আগের বন্ধুদের সঙ্গে। সবাই মিলে হইচই করতে করতে খুঁজে নেন বিশ্ববিদ্যালয় জীবনের ফেলে আসা সময়কে।কালো রংকে আমরা চিনি শোক, বেদনা ও হারানোর প্রতীক হিসেবে। কিন্তু এদিন সবার মুখে ছিল বাঁধভাঙা আনন্দ। এই বিপরীত প্রতিক্রিয়ার অর্থ জানালেন ফলিত পদার্থবিজ্ঞান ও প্রকৌশল বিষয়ের স্নাতক শিক্ষার্থী বাহাউদ্দিন উমর, ‘বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সমাবর্তনের মাধ্যমে আমরা জীবনের অন্যতম বিশেষ একটি সম্মানের অধিকারী হয়েছি। এই সম্মানের সঙ্গে মিশে আছে আমাদের কষ্ট, আমাদের আনন্দ, বাবা-মা আর পরিবারের অপেক্ষা-আদর, বন্ধুদের সঙ্গে দুষ্টুমি-রসিকতা। সবশেষে এমন অর্জনেই আমাদের এই সমুদ্রসম আনন্দ, বাঁধভাঙা উচ্ছ্বাস!’বাংলাদেশ থেকে প্রথম স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে লিন্ডাও নোবেল বিজয়ীদের সম্মেলনে অংশ নেন বাহাউদ্দিন। তাই বন্ধুরা ভবিষ্যৎ নোবেল (!) বিজয়ীর সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিলেন সকাল থেকেই। বন্ধু রুবাইয়াত, লুনা, নিমাত, রায়হান, ইরফান, সুমনা, অদিতি, নওরিনরা সবাই আনন্দ আর হইহুল্লোড় করতে করতে ফিরে যান শিক্ষাবর্ষের প্রথম বর্ষের রোমাঞ্চে।যে বিশ্ববিদ্যালয়ের বুকেই বাংলাদেশের ভাষা, পতাকা, স্বাধীনতার ভিত প্রতিষ্ঠা পায়, তার সমাবর্তন নিয়ে তো শিক্ষার্থীদের অন্য রকম এক আবেগ ও স্মৃতি কাজ করবে—এটাই স্বাভাবিক।‘একদিন যে বিশ্ববিদ্যালয় ছিল নিত্যদিনের সঙ্গী, আজ এই সমাবর্তন দিয়ে তার সঙ্গে নাড়িপোঁতা সম্পর্কে জড়িয়ে গেলাম। এই শিক্ষাঙ্গনে পুঁতে গেলাম আমাদের নাড়ি। আমরা আজ ভূমিষ্ঠ হলাম এই বিশ্ববিদ্যালয় থেকে। এখন এর প্রতি সম্মান দিয়েই কাঁধে তুলে নিতে হবে আগামীর দায়িত্ব, দেশের দায়িত্ব। নিজেদের আগামীর দায়িত্বের কথা এভাবেই নিজেরা মনে গেঁথে নিচ্ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অমিতা, শাম্মী ও ব্যবসায় অনুষদের আরেফিন আজম, বিপাশা মতিন। তাই সমাবর্তনের শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীতের সুর বাজতেই অনেকের চোখ বেয়ে নেমে আসে কয়েক ফোঁটা জল।বিশ্ববিদ্যালয়ের ৪৭তম সমাবর্তন এবার একটি বিশেষ ঘটনার জন্ম দেয়। সমাবর্তন বক্তা হিসেবে প্রথম বাংলা ভাষায় বক্তব্য দেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ‘আমাদের দেশের জামাইবাবু সমাবর্তনে বক্তব্য দেবেন, তা-ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো বাংলা ভাষায়। সে জন্যই তো এ সমাবর্তন নিয়ে আমি অনেক খুশি।’ গত সমাবর্তনের স্বর্ণপদকপ্রাপ্তদের একজন মনজিমা শোভা এভাবেই নিজের আনন্দের কথা জানাচ্ছিলেন।অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সামা মেহ্জাবিনও ছিলেন নিজের প্রথম সমাবর্তনের নানা আয়োজন দেখে উচ্ছ্বসিত। আইসিডিডিআরবিতে কমর্রত আছেন মুবাশ্বির ও অপু। অনেক দিন ধরেই কর্মব্যস্ততার কারণে ক্যাম্পাসে আসেন না। সমাবর্তনের কারণেই আবারও কাছে ফিরে পান দূরে থাকা বন্ধুদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭২টি বিভাগ, ১১টি ইনস্টিটিউটের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন এই মহাযজ্ঞে।জীবনের প্রথম সমাবর্তনে আর কী কী প্রথম হতে পারে? প্রথম টাই বাঁধা, প্রথম একসঙ্গে নিজের দেশ ও প্রতিবেশী দেশের রাষ্ট্রপতিকে দেখা, আকাশে ক্যাপ ছুড়ে মারার ঘটনা মনে থাকবে অনেক দিন। টিএসসিতে বসে নিজেদের জীবনে প্রথম বলে তালিকায় এসব ঘটনাকে যোগ করছিলেন আইন বিভাগের শিক্ষার্থী অনন্যা ও সেঁজুতি। ‘কালো গাউন পরে নিজেকে প্রথমেই ব্যাটম্যান মনে হয়েছিল!’ বললেন ব্যাংকিংয়ের শিক্ষার্থী ইলোরা রহমান।দিনের শেষে সবাই যখন আবারও একজন আরেকজনের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, তখন চারপাশে ছিল কেমন জানি বিদায়ের সুর। এই বিদায়ের সুরে মিশে ছিল নিজেকে প্রতিষ্ঠিত করার প্রেরণা। এই বিদায়ে ছিল না কোনো হতাশা। তাই তো বিদায়ের সময়ও বসে নেই হাতের ক্যামেরাটা। সমাবর্তনের মাঠ পেরিয়ে সবাই ছুটে যান নিজের অনুষদ, বিভাগের করিডর, টিএসসি, কার্জন হল, স্বোপার্জিত স্বাধীনতা, হাকিম চত্বরে। ক্লিকে ক্লিকে সবাই ফ্রেমবন্দী করে রাখেন শিক্ষাজীবনের অনাবিল আনন্দ, বন্ধুদের ছবি, অমলিন ‘এক স্মৃতি’। সমাবর্তন আনন্দে নবপ্রত্যয়ে সনদ অর্জনকারী শিক্ষার্থীরা এগিয়ে যান গুটি গুটি পায়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ছাপিয়ে সাড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের লাল-সবুজ পতাকার বুকে।