সীমানা ছাড়িয়ে সীমান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমান্তর শোকেসে জমা হয়েছে বহু পুরস্কার। ছবি: সংগৃহীত
সীমান্তর শোকেসে জমা হয়েছে বহু পুরস্কার। ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে পড়ার সময় ‘আচরণগত ত্রুটি’র কারণে ঢাকার একটি কলেজ থেকে বহিষ্কৃত হয়েছিলেন মাশাহেদ হাসান। সেই ধাক্কা কাটিয়ে স্নাতকে ভর্তি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কিন্তু প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় হলেন অকৃতকার্য। গিয়েছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিতর্কে অংশ নিতে। ইংরেজি ‍ভালো বলতে পারছিলেন না বলে মঞ্চে হাত-পা কাঁপা শুরু হলো। ওই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী হাত-পা কাঁপার সেই ভিডিওর সঙ্গে নানা আপত্তিকর মন্তব্য জুড়ে আপলোড করে দিয়েছিলেন ফেসবুকে। শারীরিক গঠন নিয়েও কটু কথা শুনতে হয়েছে। পরিচিতজনদের মধ্যেই কেউ কেউ বলতেন, ‘ভালো বক্তা হতে হলে সে রকম “লুক” দরকার; কেবল কথায় চিড়া ভিজবে না।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) চতুর্থ বর্ষের ছাত্র মাশাহেদ হাসান এখন বাংলাদেশের অন্যতম অনুপ্রেরণাদায়ী বক্তা। তাঁর ডাকনাম সীমান্ত বলেই হয়তো, সীমানা পেরোনোর মন্ত্র তিনি জানেন! সম্প্রতি যুক্তরাষ্ট্রের ‘ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউট’-এর পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যে এসেছিলেন নামী বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক বিতর্কে অংশ ‍নিতে। কেবল প্রতিযোগীই নন; দায়িত্ব পালন করেছেন কয়েকটি বিতর্কের বিচারক হিসেবেও। সভাপতিত্ব করেছেন সেমিনারে। আমন্ত্রিত বক্তা হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে বলেছেন, ব্যর্থতা আর বঞ্চণাগুলো কীভাবে বাঁচা আর সফলতার শক্তি হয়ে উঠতে পারে।

সীমান্তের বাবা মাহমুদ হাসান জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। মা শাহীনা আক্তার। পৈতৃক বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়। বাবার সরকারি চাকরির সুবাদে জন্ম পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সে কারণেই ডাকনাম সীমান্ত।

গত ২৫ নভেম্বর, লন্ডনে কথা হলো সীমান্তের সঙ্গে। বলছিলেন, ‘২০ থেকে ২২ অক্টোবর ইউনিভার্সিটি অব লন্ডন-এ তিন দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্কে অংশ নিয়েছি। এতে বিভিন্ন দেশ থেকে মোট ৫৬টি দল ছিল। প্রতি দলে সদস্যসংখ্যা দুজন। আমার সঙ্গে ছিল জাহাঙ্গীরনগরের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাকি ইয়াসির। “ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ” শ্রেণিতে পঞ্চম স্থান পেয়েছি আমরা।’

যুক্তরাজ্যে এসে ইউনিভার্সিটি অব বেলফাস্ট, অক্সফোর্ড, বার্মিংহাম, কেমব্রিজের মতো বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যস্ত সময় কেটেছে সীমান্তের। বিতর্কের নানা আয়োজনে কোথাও বিতার্কিক, কোথাও বিচারক, আবার কোথাও বিশেষ প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তিনি।

সীমান্ত বিশ্বাস করেন, ‘যাঁর জীবনে যত বেশি ব্যর্থতা, তাঁর জীবনে বলার মতো গল্প তত বেশি। তাই হতাশ না হয়ে গল্পগুলো বলার মতো একটা জায়গায় পৌঁছাতে হবে।’ এই বিশ্বাসটাই তিনি ছড়িয়ে দিতে চেষ্টা করছেন দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

নিজেকে একজন অনুপ্রেরণাদায়ী বক্তা হিসেবেই পরিচয় দেন সীমান্ত। মোটিভেশন, পাবলিক পলিসি, স্টুডেন্ট কাউন্সেলিং, স্টুডেন্ট কমপিটিশন, পাবলিক স্পিকিং অ্যান্ড কমিউনিকেশন ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট—এসব বিষয়ে সেবা প্রদানের লক্ষ্যে বন্ধু ফাহিম হাসানকে নিয়ে চালু করেছেন ‘লাইফ ইজি’ নামে একটি প্রকল্প।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউট ঢাকায় একটি কর্মশালার আয়োজন করে। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ৩০০ শিক্ষার্থীর প্রশিক্ষক ছিলেন সীমান্ত। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে চীনে আয়োজিত ‘যুক্তি ও যোগাযোগবিষয়ক’ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে তাঁকে নেওয়া হয়। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছিলেন বাংলাদেশের এই তরুণ। তাই এবার ওয়ার্ল্ড ডিবেট ইনস্টিটিউটের পৃষ্ঠপোষকতায় যুক্তরাজ্যে পাঠানো হয় তাঁকে।

বাবার চাকরির সুবাদে সীমান্ত দেশের বিভিন্ন জেলার ১৩টি স্কুল ও ৪টি কলেজে পড়েছেন। এখন তিনি গর্ব করে বলেন, ‘দেশের সবগুলো বিভাগে আমি পড়েছি, পড়িয়েছিও।’