সীমানা পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে আসা মেসেজটি নয়, আমাকে চমকে দিয়েছিল প্রেরকের নামটি। ‘পরানে পরিয়াছে টান, ভরা নদীতে আসে বান।’ সেই নামের টানে প্রাণ আমার সুদূর অতীতে ভেসে গিয়েছিল। মনে পড়ে ১৯৮৯ সালে এক সম্মেলনে তার সঙ্গে পরিচয়। স্থানটি ছিল ইন্দোনেশিয়ার চিপানাস নামের ছোট্ট শহর। একটু কি ভালো লেগেছিল তাকে? হয়তো বা। দেশে ফিরে দু-তিনটি সংযত-সতর্ক চিঠির আদান-প্রদান। একবার ফোনও পেয়েছিলাম। চোখের আড়াল কিংবা দূরত্বের কারণে নয়, মূলত তার জাতীয়তা তাকে আমার মনের আড়াল করেছিল। বাঙালি হয়ে পাকিস্তানির সঙ্গে প্রেম? অসম্ভব। পরদেশি ইকবাল নিসার—নিশার স্বপনের মতো মিলিয়ে গিয়েছিল।ভেবে অবাক হই—এখনো সে আমাকে মনে রেখেছে? ভালো লাগল তার এই ফিরে আসা, আমার পরিবারের ছবির নিচে তার মার্জিত মন্তব্য। আমি উত্তর দিলাম। ছোট ছোট বার্তার আদান-প্রদান চলল কয়েক দিন। লক্ষ করলাম, দুজনের কারও আর শুধু নিজেদের বিষয়ে আগ্রহ নেই, বরং আপাত সাধারণ বিষয় নিয়ে যত কৌতূহল! সে জানতে চাইল, বাংলাদেশ থেকে আর যারা ইন্দোনেশিয়ায় গিয়েছিল, তারা কে কোথায়, কেমন আছে?আমারও চোখের সামনে ভেসে উঠল একটি মুখ—জোশেফ আমিন। শারীরিক প্রতিবন্ধী একজন মানুষ। ভাঙাচোরা দেহের উচ্চতা ছিল কম, আর এক কাঁধ ছিল অন্যটির চেয়ে সামনে আগানো এবং বেশ উঁচু। তবে তার মায়াময় মুখের ওপর চোখজোড়ায় ছিল নির্জন দিঘির গভীরতা। ঘরের মধ্যে চলতে পারলেও বাইরে চলতে তাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হতো। যে পাঁচ তারকা হোটেলে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে থাকা ছোট ছোট কটেজে। তাতে ছিল দুটি করে বেডরুম, টিভি, সোফায় সাজানো একটি ড্রইং কাম ডাইনিংরুম ও একটি কিচেন।সন্ধ্যায় চিপানাসে পৌঁছে দেখলাম, আমার থাকার ব্যবস্থা জোশেফ আমিনের কটেজে। হোক আলাদা বেডরুম, হোক প্রতিবন্ধী, তাই বলে অচেনা পুরুষের সঙ্গে এক কটেজে থাকা! নিজের অস্বস্তির কথাটি আয়োজকদের জানাতে দেরি করলাম না। সে রাতেই পার্শ্ববর্তী কটেজে আফ্রিকান মহিলাদের সঙ্গে আমার থাকার ব্যবস্থা হলো। পরদিন সকালে কনফারেন্স হলে জোশেফের সঙ্গে দেখা হলে কেন যেন নিজেকে খুব ছোট মনে হলো, ছি! এমন একজন মানুষকে অবিশ্বাস করলাম আমি! আত্মগ্লানির কারণে কি না জানি না, চল্লিশোর্ধ্ব আমিনের সঙ্গে আমার বেশ ভাব হয়ে গেল। মধ্যাহ্নবিরতিতে কিংবা ডিনার সেরে প্রায়ই আমি একা অথবা অনেকের সঙ্গে তার ড্রইংরুমে গিয়ে গল্প করতাম। শরীরের সীমাবদ্ধতাই বুঝি তার মন আর জ্ঞানের সীমাকে অনেকখানি বাড়িয়ে দিয়েছিল। একদিনের আড্ডায় অবধারিতভাবে এল বাংলাদেশের স্বাধীনতা প্রসঙ্গ। ইকবালও ছিল সেখানে। দেখলাম আমিন বাংলাদেশ, একাত্তরের যুদ্ধের পটভূমি ও তার যৌক্তিকতা সম্পর্কে অনেক কিছু জানে। একজন পাকিস্তানি হয়েও আমাদের স্বাধীনতার প্রতি সমর্থন জানাতে দ্বিধা করল না সে। আমিন ভালো গান করত, সুন্দর বাঁশি বাজাত। চোখ বুজে এখনো দেখি সেই সোনা-রঙা পিতলের বাঁশি। গান আর বাঁশি শুনতে দেশ-বিদেশের অনেকে জড়ো হতো তার কটেজে। পরে জেনেছিলাম, সে একজন মিউজিক ডিরেক্টর। বিদায়ের আগে আমিন আমাকে ওর একটি ছবি আর ‘বেস্ট উইসেস’ লিখে পাকিস্তানি পাঁচ রুপির একটি নোট দিয়েছিল। দেশে ফিরে চিঠিও পেয়েছিলাম তার। উত্তর দিয়েছিলাম কি না, আজ আর মনে পড়ে না।২১ বছর আগের সেসব কথা মনে পড়ল। ইকবালকে লিখলাম, ‘জোশেফ আমিন কেমন আছে? কী করে এখন?’উত্তর পেলাম, ‘সে ভালো আছে। লাহোরের এক হাসপাতালে ফিজিওথেরাপিস্টের কাজ করছে।’ওই শরীরে ফিজিওথেরাপিস্ট! কী করে সম্ভব? সে তো গানের জগতের মানুষ ছিল!বুঝলাম, কোথাও সমস্যা হচ্ছে। পরদিন আবারও লিখলাম, ‘ইকবাল, প্রতিবন্ধী যে আমিন তোমাদের সঙ্গে ইন্দোনেশিয়ায় গিয়েছিল, আমি তার কথা বলছি।’ উত্তর পেলাম,‘ওহ! ওই আমিন? সে তো অনেক বছর আগেই মারা গেছে।’ কোথায় যেন শূন্যতা অনুভব করলাম। আমার হূদয় হাহাকার করে উঠল—‘হূদয়ের একূল-ওকূল দুকূল ভেসে যায়...উথলে নয়নও বারি।’ ইকবালের শেষ মেইলটি পেয়েছি দুই মাস পেরিয়ে গেছে। আজও উত্তর দেওয়া হয়নি।কেকা অধিকারী[email protected]