সীমানা পেরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন

এক পাশে ভারত, অন্য পাশে বাংলাদেশ। মাঝখানে বয়ে চলেছে কর্ণফুলী নদী। সীমান্ত চিহ্নিত করার জন্য নেই কোনো কাঁটাতারের বেড়া। দুই দেশের মানুষ জীবন ও জীবিকার প্রয়োজনে কর্ণফুলীর ওপর নির্ভর করেন। নানা প্রয়োজনে সীমানার দুই পারের লোকজন দুই দেশে অবাধে যাতায়াতও করেন। রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ২০ থেকে ২৫ কিলোমিটার এলাকায় বইছে এমনই শান্তির সুবাতাস।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাও তেমন লক্ষ করা যায়নি। বাংলাদেশ অংশে বরকলের বড় হরিণা বিজিবির সীমান্ত ফাঁড়ি থেকে ঠেগামুখ সীমান্ত ফাঁড়ির দূরত্ব ১৫ থেকে ২০ কিলোমিটার। মূলত এ এলাকায় সীমান্ত অনেকটা শিথিল। এখানকার সীমান্তের দুই অংশে চাকমা সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। নদী পার হয়ে দুই দেশের লোকজন আত্মীয়স্বজনের কাছে আসেন কিংবা হাট-বাজার থেকে কেনাকাটাও করেন। নদীতে উভয় দেশের যন্ত্রচালিত নৌকা চলে পাশাপাশি। তবে ভারতের বাসিন্দাদের নৌকায় থাকে সে দেশের পতাকা।
ভূষণছড়া ইউনিয়নের তাগলকবাগ গ্রামের মাঝ দিয়ে চলে গেছে দুই দেশের সীমানা নির্ধারণ করে দেওয়া কর্ণফুলী নদী। দেশ ভাগ হলেও কমেনি এই গ্রামের মানুষের সম্প্রীতি। তাগলকবাগের বাংলাদেশ অংশে কেনাকাটা করতে এসেছিলেন ওই গ্রামের ভারতীয় অংশের বাসিন্দা কল্পনা চাকমা। কোনাকাটার এক ফাঁকে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘এখান থেকে নিয়মিত শুঁটকি, তরিতরকারি কিনে নিয়ে যাই। এখানে এলে মনেই হয় না অন্য দেশে এসেছি। আমরা যুগ যুগ ধরে এভাবেই যাতায়াত করছি।’
তাগলকবাগ গ্রামের বাংলাদেশ অংশের বাসিন্দা চিত্রসেন চাকমা বলেন, ‘গ্রামের ভারতীয় অংশে আমার প্রচুর আত্মীয় রয়েছে। সেখানে নিয়মিত যাতায়াত করি। কখনো কোনো বাধার সম্মুখীন হইনি।’
এ এলাকার ভালুক্যাছড়ি গ্রামে কথা হয় ভূষণছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়সেন চাকমার সঙ্গে। তিনি বলেন, উভয় দেশের বাসিন্দারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেছে। জীবিকার তাগিদে উভয় দেশের বাসিন্দারা একে অপরের সাহায্য–সহযোগিতা করেন।
এলাকার বাসিন্দারা জানান, সরকার ঠেগামুখে স্থলবন্দর স্থাপনের সিন্ধান্ত নিয়েছে। বন্দরটি চালু হলে দুই দেশের লোকজনের মধ্যে যাতায়ত ও ব্যবসা-বাণিজ্য আরও বাড়বে।
বিজিবি রাঙামাটি জেলার সেক্টর কমান্ডার কর্নেল আক্তার হামিদ বলেন, বড় হরিণা থেকে ঠেগামুখ পর্যন্ত সীমান্ত এলাকা শান্তিপূর্ণ। দুই দেশের সীমান্তের মাঝে পর্যাপ্ত জায়গা না থাকায় যৌথ হাট-বাজার চালু করা যাচ্ছে না। তবে ভবিষ্যতে ওই এলাকায় দুই দেশের লোকজনকে নিয়ে মেলা ও উৎসবের আয়োজন করা যায় কি না, সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।